সংবাদদাতা, রায়গঞ্জ: প্রতিবাদী তরুণের মুখে অ্যাসিড ছোঁড়ার পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরের নিউ মিলনপাড়া এলাকায়। গুরুতর আহত সঞ্জয় গোয়ালা রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি। তাঁর পরিবার অভিযোগ করলে বিহারের বাসিন্দা প্রিন্স কুমারকে (১৮) গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রিন্স রায়গঞ্জের তুলসীতলা এলাকায় পরিবারের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকে। প্রতিবেশী সঞ্জয়ের সঙ্গে তার পুরনো বিবাদ ছিল। শুক্রবার রাতে নিউ মিলনপাড়া এলাকায় খেলার মাঠে দু’পক্ষের বচসা হলে অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে। সঞ্জয় বলেন, এলাকায় বেপরোয়াভাবে বাইক চালানোর পাশাপাশি মহিলাদের কটূক্তি করত প্রিন্স। এক মাস আগে ওকে এসব করতে বারণ করেছিলাম। তা নিয়ে আমার সঙ্গে ঝামেলা হয়। শুক্রবার রাতে মাঠে আমার বন্ধুদের সঙ্গে প্রথমে ঝামেলা শুরু করে প্রিন্স। আমি প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতে কোপ মারে। এরপর ও পালিয়ে ঘরে ঢুকে যায়। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতে গেলে মুখের উপর অ্যাসিড ছুড়ে দেয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দোকানে কাজ করার পাশাপাশি বাড়িতেও সোনা, রূপোর কাজ করত অভিযুক্ত। তাই অ্যাসিড মজুত করা ছিল।
Advertisement
আহত সঞ্জয়ের বাবা দিলীপ গোয়ালা বলেন, ঘটনার পর থেকে আতঙ্কিত। প্রিন্সের পাশাপাশি তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, একজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, একজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে।



