Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ থেকে বাসে উঠলে গুনতে হচ্ছে শিলিগুড়ি-কলকাতার ভাড়া

রায়গঞ্জ থেকে বাসে উঠলে গুনতে হচ্ছে শিলিগুড়ি-কলকাতার ভাড়া
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চাহিদা বেশি, জোগান কম। ফলে দাম বাড়তে বাধ্য। বড়দিন থেকে বর্ষশুরুর ছুটির মরশুমে দার্জিলিং,ডুয়ার্সে আউটিংয়ের হিড়িকের মাঝে অর্থনীতির সেই তত্ত্ব মেনে কয়েকগুণ বাড়ল কলকাতাগামী এসি, ভলভো, নন এসি দূরপাল্লা বেসরকারি বাসের ভাড়া। সঙ্গে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন রায়গঞ্জের যাত্রীরা। পরিস্থিতি এমন যে দ্বিগুণের বেশি ভাড়া দিয়েও যাত্রীরা রায়গঞ্জ থেকে খালাসির সিটে বসে কলকাতা পর্যন্ত যেতে বাধ্য হচ্ছেন। কোনও কোনও ক্ষেত্রে বহরমপুর পর্যন্ত দাঁড়িয়ে যেতে হচ্ছে রায়গঞ্জের যাত্রীদের। তারপর কপাল ভালো হলে সিট মিলছে। বিশেষত ভলভো বাসের ক্ষেত্রে কলকাতা ও শিলিগুড়ির যাত্রী সংখ্যা এতটাই বেশি যে রায়গঞ্জ-কলকাতা রুটের বাসকেও কয়েকদিন ধরে চালানো হচ্ছে শিলিগুড়ি থেকে। ফলে রায়গঞ্জ থেকে চাপলেও অনেক ক্ষেত্রে টিকিট কাটতে হচ্ছে শিলিগুড়ি-কলকাতা ভাড়া দিয়ে।
Advertisement
টিকিট বিক্রেতা ও রায়গঞ্জ থেকে কলকাতাগামী যাত্রীদের অনেকের দাবি, সোমবারও মধ্যরাত পর্যন্ত শিলিগুড়ি থেকে আসা কলকাতাগামী বাস ধরার  জন্য শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। শেষে কোনওমতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে।
মালদহের বাসিন্দা রিন্টু বিশ্বাস বলেন,আমি কাজের জন্য রায়গঞ্জ এসেছিলাম। মঙ্গলবার রাতে মালদহ ফেরার জন্য শিলিগুড়ি মোড়ে বাস ধরতে আসি। অধিকাংশ বাসেই সিট ছিল না। আবার সিট পেলেও দ্বিগুণের বেশি ভাড়া হাঁকছে কলকাতাগামী বাস। অন্যান্য সময় ৪০০ টাকায় এসি বাসে মালদহ যেতে পারতাম। কিন্তু এদিন টিকিটের দাম হাজার টাকা চেয়েছেন কন্ডাক্টররা।
হেমতাবাদের বাসিন্দা হাসানুজ্জামান শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে বললেন, কর্মসূত্রে মাঝেমধ্যে কলকাতায় যাই। রায়গঞ্জ থেকে সাতশো থেকে আটশো টাকা ভাড়া নেয় ভলভো বাস। এদিন একটা বাস পাওয়া গেলেও হেল্পারের সিটে বসতে হয়েছে। তার জন্য ভাড়া চায় দেড় হাজার টাকা। 
একই সমস্যার কথা জানিয়েছেন, নৈহাটির বাসিন্দা সুজিত সাহা। প্রায়দিন রায়গঞ্জে ব্যবসার সূত্রে যাতায়াত করি। নিত্যযাত্রী হওয়ায় অনেক বাস জাতীয় সড়ক দিয়ে বেরিয়ে যাচ্ছে। রায়গঞ্জ-শিলিগুড়ি মোড় হয়ে যাচ্ছে না। সাধারণ দিনে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হয়। এখন দ্বিগুণ বা তিনগুণ ভাড়া চাইছে কলকাতার বাস। 
শিলিগুড়ি মোড়ের কলকাতাগামী এসি, ভলভো, ননএসি দূরপাল্লা বাসের টিকিট বিক্রেতাদের গলাতেও আক্ষেপের সুর। দীপক দাস, দেবু দেবনাথ, হাবিবুল আলিরা বলেন, সাধারণ সময়ে আমরা অন্তত ৫০টি কলকাতাগামী বাসের টিকিট কাটি। এতে আমাদের রোজগার হয়। শিলিগুড়ি থেকে টিকিট বুক হওয়ায় আমরা মার খাচ্ছি। এখন দিনে ১৫টি টিকিটও কাটতে পারছি না। এর কারণ পাহাড় ও ডুয়ার্সে যাওয়া পর্যটকদের ভিড় বেড়ে চলেছে। যাত্রীদের চাপ বাড়তে শুরু হয়েছে ২০ ডিসেম্বরের পর থেকে। চলবে ৬ বা ৭ জানুয়ারি পর্যন্ত। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন,স্থানীয়স্তরে বাসের ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসন যথেষ্ট নজনদারি রাখে। সেই তুলনায় বেসরকারি দূরপাল্লা বাসের ভাড়ায় তেমন নিয়ন্ত্রণ নেই। সোনা রুপোর দরের মতো এদের ভাড়াও ওঠানামা করে।
সম্পর্কিত সংবাদ