নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভায় ভোটের দাবিতে শুক্রবার মঞ্চ বেঁধে অবস্থান কর্মসূচি করল নাগরিক কণ্ঠ নামে একটি সংগঠন। সংগঠনের কনভেনার বিশ্বজিৎ লাহিড়ির দাবি, দু’বছর আগে মেয়াদ উত্তীর্ণ হলেও প্রশাসক বসিয়ে কোনও মতে পুরসভা পরিচালিত হচ্ছে। যার ফলে নাগরিক পরিষেবা থেকে শুরু করে, নানা সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে। রাস্তা সংস্কার, যানজট সহ বিভিন্ন ইস্যুতে পুরসভার ভূমিকা প্রশ্নের মুখে। আমরা চাই দ্রুত ভোট করে নতুন পুর বোর্ড গঠন করা হোক। তাই আমাদের এই প্রতিবাদ। এদিকে এই কর্মসূচি প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ভোট যে সময় হওয়ার হবে। নাগরিক পরিষেবা ঠিক আছে, এটাই সব থেকে বড় বিষয়। আর যাঁরা এই অবস্থানে বসলেন, তাঁরা অনেকটা রুদালিদের মতো আচরণ করছেন। ভোট হচ্ছে না বলে কাঁদছেন। এরপর ভোটের সময় বিজেপি যখন প্রার্থী দেবে তখন প্রার্থী পছন্দ হবে না বলে কাঁদবেন। এদের এই কার্যকলাপ মানুষ পর্যালোচনা করছে।



