Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে পাওনা চাইতে গেলে কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে পাওনা চাইতে গেলে কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পাওনা টাকা চাইতে গিয়ে বাড়ির পোষ্য কুকুরকে দিয়ে কামড় খাওয়ানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের মিলনপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের বন্দরস্কুল রোড এলাকার বাসিন্দা দেবদ্যুতি রায় তাঁর পাওনা চাইতে রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে যান। অভিযোগ, সেসময় গৃহকর্তা তাঁকে মারধর করে। এবং  পোষ্য কুকুরকে ছেড়ে দিয়ে দেবদ্যুতিকে কামড়াতে বলে। কুকুরের কামড়ে গুরুতর আহত দেবদ্যুতি। কুকুরের কামড় থেকে বাঁচতে রীতিমতো প্রাণভিক্ষা চান যুবকটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( এই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। জখম যুবক জানান, পুজোর সময় ওই ব্যক্তি ৫ হাজার টাকা নেয়। পরে আরও ১ হাজার টাকা ধার নেয়। সেই টাকা বেশ কয়েকবার চেয়েছি। দেয়নি। এদিন সেই টাকা চাইতে ফের তাঁর বাড়ি যাই। তিনি টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। দেবদ্যুতির অভিযোগ,ওই ব্যক্তি রড দিয়ে আমাকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর আমার উপর কুকুর লেলিয়ে দেয়। সেই কুকুর শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। আমি পুলিসের দ্বারস্থ হয়েছি। ফোন না তোলায় অভিযুক্তর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অমানবিক ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শহরবাসী। এক প্রত্যক্ষদর্শী জানান, টাকা নিয়ে ঝামেলা শুরু হলে অভিযুক্ত যুবক বেঁধে রাখা কুকুরটি খুলে দেয়। এবং কুকুরটি হামলে পড়ে দেবদ্যুতির উপর। ভয়াবহ দৃশ্য দেখে আমিও ভয় পেয়ে যাই। এই ঘটনায় রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, এধরনের ঘটনা নিন্দনীয়। আমি পুলিসকে বলব, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে।  রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ