নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অসমবয়সীদের প্রেমের সম্পর্কের পর বিয়ে। তারপরেই রহস্যমৃত্যু হল নাবালিকা বধূর। ঘটনার পর থেকে বেপাত্তা শ্বশুরবাড়ির লোকজন। মর্মান্তিক ঘটনাটি রায়গঞ্জের ভাটোল বুহুরী এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি সামনে আসে সোমবার সকালে। পরিবারের দাবি, মহারাজা এলাকার ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন একটি ছেলের সঙ্গে ঘর ছেড়ে চলে যায়। তিন, চার মাস আগে তারা বিয়ে করেছিল।
Advertisement
রায়গঞ্জ মেডিক্যালের মর্গে দাঁড়িয়ে নাবালিকার বাবার অভিযোগ, অনটনের সংসার। আমার চার সন্তান। এর মাঝেই স্ত্রীর মৃত্যু হয়। আমি কিছুদিন আগে পর্যন্ত পক্ষাঘাতে শয্যাশায়ী ছিলাম। সেই সময় থেকে আমার ছোট মেয়ে প্রেমের সম্পর্কে জড়ায়। বিয়ের পর থেকেই ওর উপর অত্যাচার করত স্বামী ও তার পরিবারের সদস্যরা। তিন, চারদিন ধরে অশান্তি চলছিল। ওকে খেতে পর্যন্ত দেয়নি। সোমবার সকালে ওর মৃত্যু সংবাদ পাই। কয়েকজনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শুনি পুলিসের ভয়ে সকলেই গা ঢাকা দিয়েছে। মেয়ের অসাড় দেহ সেখানেই ছিল। রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আমার মেয়ের মৃত্যুর জন্য ওর শ্বশুরবাড়ির লোকজন দায়ী। কীভাবে মৃত্যু হয়েছে সেটাও অজানা। আমার সন্দেহ মেয়েকে খুন করা হয়েছে। রায়গঞ্জ থানার পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত করছে।



