Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে নতুন বাসস্ট্যান্ডে সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর, জানালেন কৃষ্ণ

রায়গঞ্জে নতুন বাসস্ট্যান্ডে সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর, জানালেন কৃষ্ণ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড সরানোর সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুমোদনও দ্রুত চলে আসবে বলে দাবি করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দীর্ঘদিন ধরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল জেলা প্রশাসন, পুর প্রশাসন এবং রায়গঞ্জের বিধায়ক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় চার একর জায়গায় পুর বাসস্ট্যান্ডটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। বিষয়টি  মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি দ্রুত এই বিষয়ে মুখ্যসচিবকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন বলে জানান কৃষ্ণ। তাঁর কথায়, মুখ্যসচিবকে বাসস্ট্যান্ড সরানোর জন্য পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আশা করছি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত কাগজপত্র হাতে পেয়ে যাব। তারপর দ্রুতগতিতে কাজ শুরু হবে। যে জায়গায় নতুন বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে, সেখান থেকে দখলদাররা সরে যেতে শুরু করেছেন। পূর্ত দপ্তরের বোর্ডও লাগানো হয়েছে।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জ শহরটি মূলত উত্তর-দক্ষিণে লম্বা। বর্তমানে যেখানে পুর বাসস্ট্যান্ড রয়েছে, তার পাশ দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর চলে গিয়েছে রেল লাইন। যার ফলে ট্রেন গেলেই যানজট হয়। বাসস্ট্যান্ড সরালে এই সমস্যা অনেক কমে যাবে বলে মনে করছে সাধারণ মানুষও। রায়গঞ্জের বাসিন্দা শুভজিৎ সরকার বলেন, আমরা অনেকদিন ধরেই বাসস্ট্যান্ড সরার অপেক্ষা করছি। এই স্ট্যান্ডের সামনে যানজট লেগে থাকে। ট্রেন গেলে সেটা মারাত্মক আকার নেয়। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, আমাদের বরাবরই দাবি ছিল, বাসস্ট্যান্ড শহরের বাইরে হোক। মিটিং, মিছিল এবং টোটোর জন্য যানজট হয়। মুখ্যমন্ত্রী বাসস্ট্যান্ড সরানোর সিদ্ধান্তে সায় দিয়েছেন। এতে আমরা ভীষণ খুশি। পাশাপাশি যাত্রীদের বিশ্রামাগার, বাসকর্মী ও মালিকদের বসার জায়গা, উন্নত নিকাশি ব্যবস্থা এবং শৌচালয় করার জন্য পুরসভাকে চিঠি দিয়েছি। একটা ভালো বাসস্ট্যান্ড সকলেই চাই।
এবিষয়ে পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, কাগজপত্র পেলেই কাজ শুরু হবে। নতুন বাসস্ট্যান্ডে আধুনিক কিছু পরিষেবা যুক্ত করা হবে।
সম্পর্কিত সংবাদ