সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে বিশেষ চাহিদাসম্পন্ন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত রবি দাসকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিস। পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে অভিযুক্ত বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা প্রতিবেশী এক মহিলা দেখলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলে, এরপর তাকে ধরে উত্তেজিত জনতা মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। নাবালিকার মা বলেন,আমার মেয়ে ঠিকমতো কথা বলতে পারে না। তবে অভিযুক্ত যে তার সঙ্গে নোংরা কাজ করেছে তা মেয়ে জানিয়েছে। এরপর আমরা রাতে থানায় অভিযোগ জানাই। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



