Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যালের নিরাপত্তা দেখে সন্তুষ্ট স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল

রায়গঞ্জ মেডিক্যালের নিরাপত্তা দেখে সন্তুষ্ট স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তরের দুই সদস্যের প্রতিনিধি দল এল রায়গঞ্জ মেডিক্যালে। মঙ্গলবার প্রতিনিধি দলটি রায়গঞ্জ মেডিক্যালের সিসি ক্যামেরা, হস্টেলের নিরাপত্তা, আলোর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসকদের রেস্টরুম সহ পুলিসি ব্যবস্থা খতিয়ে দেখে। পরিদর্শন শেষে মেডিক্যালের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানান দলের সদস্যরা। 
Advertisement
মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, মেডিক্যালের নিরাপত্তার জন্য দুই ক্যাম্পাসে নতুন করে ২৪০টি সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি রাত্তিরের সাথী প্রকল্পের অধীনে ৪০ জন নিরাপত্তারক্ষী কাজ করছেন। রোগীর পরিজনদের ভিড় যাতে না হয় তারজন্য দু’জন বন্দুকধারী পুলিসকে দুই গেটে নিয়োগ করা হয়েছে। মহিলা অফিসার সহ উইনার্স টিম ওয়ার্ডগুলিতে রাউন্ড দিচ্ছে। ড্রপগেট বসানো হয়েছে। রেস্টরুমের দরজায় বায়োমেট্রিক লক সিস্টেম বসানো হয়েছে।
এদিন মেডিক্যাল সুপার, নার্স ও জুনিয়র চিকিৎসকদের নিয়ে বৈঠকও সারেন  স্বাস্থ্যদপ্তরের জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সন্তোষকুমার রায়। সঙ্গে ছিলেন  সিনিয়র ডেপুটি সেক্রেটারি অভিজ্ঞান পাঁজা। বৈঠকের পর তাঁরা সম্পূর্ণ ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। সন্তোষকুমার বলেন, অল্প সময়ের মধ্যে মেডিক্যাল কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা করেছে। একশো শতাংশ কাজ করেছে। পুলিস দারুণ নিরাপত্তার ব্যবস্থা করেছে। 
তবে এই মেডিক্যালে পাশের জেলা সহ বাইরের রাজ্যের রোগীরা আসেন। রোগীর চাপ থাকায় মাঝেমধ্যে ঝামেলা হয়। তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। 
তাঁরাও মেডিক্যালের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। এদিন স্বাস্থ্যদপ্তরের এই পরিদর্শন নিয়ে রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, আমাদের মেডিক্যালের পুরো ব্যবস্থা দলটিকে দেখানো হয়েছে। বাকিটা তাদের রিপোর্টের উপর নির্ভর করবে। 
সম্পর্কিত সংবাদ