Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যালের একটি গেট বন্ধ,বৃদ্ধি পাচ্ছে যানজট

রায়গঞ্জ মেডিক্যালের একটি গেট বন্ধ,বৃদ্ধি পাচ্ছে যানজট
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালের সামনে যানজট নিত্যদিনের সমস্যা। বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।
Advertisement
তাঁদের কথায়, এতদিন রায়গঞ্জ মেডিক্যালের দু’টি গেট দিয়েই যান চলাচল করত। কিন্তু স্টেডিয়ামের উল্টো দিকে গেট খোলা রেখে অন্যটি বন্ধ রেখেছে মেডিক্যাল কর্তৃপক্ষ। একটি গেট দিয়ে অটো, টোটো, অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ যাতায়াত করছেন বলে সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেডিয়ামের উল্টোদিকে ব্যাপক যানজট হচ্ছে। পরিস্থিতি ঘোরালো হয়েছে বাসগুলি মেডিক্যালের গেটের সামনে স্টপ দেওয়ায়। ট্রাফিক সেভাবে নিয়ন্ত্রণ করা হয় না বলে অভিযোগ স্থানীয়দের।
রায়গঞ্জের বাসিন্দা মোহন মহন্ত বলেন, শহরজুড়ে যানজট সমস্যা রয়েছে। অন্তত মেডিক্যালের সামনে এই অসুবিধার সমাধান হওয়া প্রয়োজন। এখানে সিগন্যাল ব্যবস্থা নেই।  পর্যাপ্ত ট্রাফিক পুলিস দিয়ে যান নিয়ন্ত্রণ করা উচিত।
মেডিক্যালের একটি গেট বন্ধ কেন? কর্তৃপক্ষের সাফাই, ওই রাস্তা দিয়ে অবৈধভাবে গাড়ি যাতায়াত করে বলে নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়। সেই কারণেই বন্ধ করা হয়েছে। মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেছেন, নিরাপত্তার স্বার্থে গেটটি বন্ধ রাখা হয়েছে। বাইরে যানজট হলে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। এছাড়া সাধারণ মানুষের চলাচলের জন্য ছোট গেট খোলা থাকে। ট্রাফিক যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা হয়, যানজট হওয়ার কথা নয়।
রায়গঞ্জ পুলিস জেলার এসপি সানা আক্তার বলেন, মাঝেমধ্যে যানজট হলেও নিয়ন্ত্রণ করা হয়। ওই এলাকায় যান চলাচল যাতে স্বাভাবিক থাকে,  ট্রাফিক বিভাগকে বিষয়টি জানাব। মেডিক্যালের গেট বন্ধ রাখা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
সম্পর্কিত সংবাদ