Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যালে সিটি স্ক্যান মেশিন খারাপ, ভোগান্তি চরমে

রায়গঞ্জ মেডিক্যালে সিটি স্ক্যান মেশিন খারাপ, ভোগান্তি চরমে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালে সিটি স্ক্যান মেশিন খারাপ। রোগীদের সিটি স্ক্যান হচ্ছে না। যার জেরে জরুরি পরিষেবার পাশাপাশি অন্যান্য পরিষেবাও ব্যাহত হচ্ছে। ওয়ার্ডে ভর্তি থাকা রোগীকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আবার বেশ কিছু রোগী অসুস্থ অবস্থায় ছুটি নিয়ে চলে যাচ্ছেন। সিটি স্ক্যান খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা।
Advertisement
মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, পিপিপি মডেলে ওই সিটি স্ক্যান পরিষেবা দেওয়া হতো। সিটি স্ক্যানের সম্পূর্ণ ব্যবস্থা দেখার দায়িত্ব রয়েছে একটি বেসরকারি কোম্পানির উপর। দু’দিন ধরে মেশিন খারাপ থাকলেও এখনও মেরামত হয়নি। বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে বলে মেডিক্যালের তরফে জানা গিয়েছে। তবে এই মেশিন কবে ঠিক হবে সেনিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি মেডিক্যাল কর্তৃপক্ষ।
অভিযোগ, মাঝেমধ্যে সিটি স্ক্যান মেশিনটি খারাপ হয়ে যায়। মেশিন খারাপ হলে দ্রুত মেরামতও হয় না। মেডিক্যাল কলেজে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন রোগীর পরিজনরা।
হেমতাবাদের বাসিন্দা মহম্মদ মাসুম রেজা মাথায় গুরুতর চোট নিয়ে রায়গঞ্জ মেডিক্যালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি। তিনিও এদিন অসুস্থ অবস্থায় বাড়ি চলে যান। মাসুম রেজা বলেন, মাথায় চোট আছে। সিটি স্ক্যান করতে হতো। জানতে পারলাম মেশিন খারাপ। সিটি স্ক্যান হবে না। কবে মেশিন ঠিক হবে তাও জানি না। সিটি স্ক্যান মেশিন ঠিক থাকলে মেডিক্যাল থেকে চিকিৎসা করাতে পারতাম।
যদিও মেডিক্যালের তরফ থেকে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য দপ্তর জানে। আশা করছি, কোম্পানির লোক দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করবে।
সম্পর্কিত সংবাদ