Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের ৫০টি আসন বৃদ্ধির আবেদন কাউন্সিলে

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের ৫০টি আসন বৃদ্ধির আবেদন কাউন্সিলে
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের আসন সংখ্যা বাড়ানোর জন্য ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন করল কর্তৃপক্ষ। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এখানে পড়ুয়াদের জন্য একশো আসন রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেই সংখ্যাটি দেড়শো করতেই এই উদ্যোগ। স্বাস্থ্য ভবনের নির্দেশমতোই এই আবেদন করা হয়েছে বলে মেডিক্যালের তরফ থেকে জানা গিয়েছে। পড়ুয়াদের জন্য ৫০ টি আসন বাড়লে মেডিক্যালের আরও উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষক সংখ্যাও বাড়াতে হবে বলে মনে করছেন মেডিক্যাল কলেজের অধ্যাপকরা। রায়গঞ্জ মেডিক্যালের অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পড়ুয়াদের আসন সংখ্যা বাড়লে অধ্যাপকের সংখ্যাও বাড়ানো দরকার। তবে বিষয়টি স্বাস্থ্য দপ্তরে দেখবে।
Advertisement
২০১৮ সালে রায়গঞ্জ জেলা হাসপাতাল উন্নীত হয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপর ১০০ আসন নিয়ে মেডিক্যাল কলেজ শুরু হয়। তবে এই আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা কেন? মেডিক্যাল সূত্রে খবর, এক হাজার রোগী পিছু এক জন চিকিৎসকের প্রয়োজন। সেই তুলনায় এই রাজ্যে চিকিৎসক সংখ্যা কম। সেজন্য চিকিৎসক বাড়াতে এই উদ্যোগ। 
রায়গঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ যাদব সর্দার বলেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ১৩ ডিসেম্বর আমরা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের কাছে ৫০ টি সিট বাড়ানোর আবেদন করেছি। যে সমস্ত মেডিক্যালে আসন সংখ্যা একশো, তাদের অধিকাংশ কলেজই এই আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে কাউন্সিল সার্ভে করবে। যদি আমাদের কলেজে পর্যাপ্ত পরিকাঠামো থাকে, তবে ৫০ টি আসন বাড়বে। আশা করা যায় আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগবে।
সম্পর্কিত সংবাদ