Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ গার্লস প্রাথমিকে সমাবর্তন

রায়গঞ্জ গার্লস প্রাথমিকে সমাবর্তন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: বিশ্ববিদ্যালয়ের পরিচিত সমাবর্তন অনুষ্ঠান এবার প্রাথমিক বিদ্যালয়ে। রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল এবছরের সমাবর্তন। অনুষ্ঠানে অংশ নিল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। এদিন বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা। চোখ ছলছল করছিল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের। পড়ুয়াদের স্কুল ইউনিফর্মে শুভেচ্ছা বার্তা লিখে দেন তাঁরা। চতুর্থ শ্রেণির প্রত্যেক পড়ুয়াকে গাউন ও টুপি পরিয়ে দেওয়ার পাশপাশি রেজাল্ট ও পুরস্কার দেওয়া হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ সদরের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৬৫৪ জন। এদিন চতুর্থ শ্রেণির ১২০ জন পড়ুয়াকে সমাবর্তন উৎসবের মাধ্যমে বিদায় জানানো হয়। স্কুলের পড়ুয়া সায়নিকা সাহা বলে, আজ স্কুল থেকে চলে যাচ্ছি। বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। শিক্ষকরা বলছেন, প্রাথমিক পর্যায় থেকে শিশুমনে উচ্চশিক্ষার আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। এভাবে ছোট থেকেই তাদের উৎসাহিত করলে উচ্চশিক্ষায় আগ্রহী হবে পড়ুয়ারা এবং স্কুলের প্রতিও ভালোবাসা মজবুত হবে।
Advertisement
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, এবছর চতুর্থ শ্রেণির সব পড়ুয়াই মেয়ে। ওদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানানো হল সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে। 
রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে ছেলেমেয়েকে পড়াতে পেরে গর্বিত অভিভাবকরাও। রেবা মণ্ডল বললেন, আমাদের জেলায় কোনও স্কুলেই এধরনের অনুষ্ঠান হয় না। বাচ্চারা নতুন অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাচ্ছে। এরকম সব প্রাথমিক স্কুলে হলে বেসরকারি স্কুলে ভর্তির ঝোঁক অনেকটা কমবে।
সম্পর্কিত সংবাদ