Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে দুর্ঘটনার পর কড়াকড়ি পুলিসের, ৪০ হাজার জরিমানা

রায়গঞ্জে দুর্ঘটনার পর কড়াকড়ি পুলিসের, ৪০ হাজার জরিমানা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের শিল্পীনগরে জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা সুভাষচন্দ্র দে সরকারের। আহত হন তাঁর মেয়ে সুস্মিতা দে সরকার। মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয় এলাকায়। এরপরই শনিবার থেকে যানচলাচল নিয়ন্ত্রণ এবং আইন না মেনে গাড়ি চালানোর জন্য ব্যাপক ধড়পাকড় করল ট্রাফিক পুলিস। 
Advertisement
রায়গঞ্জের শিল্পীনগরে জাতীয় সড়ক, নেতাজী মোড়, উকিলপাড়া, কাঞ্চনপল্লী এলাকায় চলে তল্লাশি। বেশকিছু গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় জরিমানা করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে এদিন।
রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত এসপি কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, গতকালের দুর্ঘটনার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে স্পিডব্রেকার বসানোর জন্য। এছাড়া তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। ওভারলোডিং হচ্ছে কি না সেদিকেও কড়া নজর রয়েছে। 
পুলিসের এই অভিযানের প্রশংসা করেছেন শহরবাসী। বাসিন্দারা জানান, যেভাবে বেপোরোয়া যান চলাচল করছে, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিস নজরদারি বাড়ালে এবং শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্ঘটনা অনেকটাই আটকানো সম্ভব হবে।
অন্যদিকে, মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনার পর রায়গঞ্জ থানা এলাকাজুড়ে নাকা তল্লাশি জোরদার করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার খোদ তল্লাশি চালান শহরজুড়ে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। এছাড়া বিহার লাগোয়া বাহিন এলাকাতেও বাড়ানো হয়েছে পুলিসি নিরাপত্তা। অতিরিক্ত পুলিস সুপার বলেন, রায়গঞ্জ, ইটাহার ও করণদিঘি এলাকার সঙ্গে বিহারের যোগ রয়েছে। বিহার থেকে দুষ্কৃতীরা এসে যাতে অশান্তি না পাকাতে পারে, সেজন্য নাকা চেকিং চলছে। এছাড়া বিহার পুলিসের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।
সম্পর্কিত সংবাদ