Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে বাসস্ট্যান্ডের জায়গা পরিদর্শন, সাতদিনের মধ্যে সরতে হবে ব্যবসায়ীদের

রায়গঞ্জে বাসস্ট্যান্ডের জায়গা পরিদর্শন, সাতদিনের মধ্যে সরতে হবে ব্যবসায়ীদের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড স্থানান্তর করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে জেলা, পুর প্রশাসন ও বিধায়ক। দুর্গাপুজোর আগে শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় পুর বাসস্ট্যান্ডটি সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ত দপ্তরের সরকারি জায়গা দখল করে বেশকয়েকটি দোকান রয়েছে ওই এলাকায়। পরিদর্শনে গিয়ে সরকারি জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদের ৭ দিনের মধ্যে সরে যেতে বলা হয় বুধবার। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার ও পুর দপ্তরের ইঞ্জিনিয়ার এদিন ওই এলাকায় যান।
Advertisement
রায়গঞ্জ শহর মূলত উত্তর-দক্ষিণ বরাবর অবস্থিত। বর্তমানে যেখানে পুর বাসস্ট্যান্ড রয়েছে তার পাশ দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর রেল লাইন। যার ফলে ট্রেন গেলেই যানজট হয়। শহরকে যানজট মু্ক্ত করতেই বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা। সেইমতো শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় করা হচ্ছে নতুন বাসস্ট্যান্ড।
বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, শহরের মানুষকে যানজট সমস্যা থেকে মুক্তি দিতে আমরা বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করি। সরকারি জায়গা দখল করে যেসব দোকানদাররা আছেন, তাঁদের সরে যেতে বলা হয়েছিল। পুজোর জন্য তাঁদের কিছু বলা হয়নি। তবে এবার ৭ দিনের মধ্যে  দোকান সরিয়ে নিতে যেতে হবে।
লোকনাথ মার্কেট নামে পরিচিত ওই এলাকার দোকানদাররা সরকারি নির্দেশ মেনে দোকানগুলো সরিয়ে নিয়ে যাবেন বলে জানান। মার্কেটের সভাপতি প্রদীপ কুমার সেন বলেন, আমরা ২৬ জন ব্যবসায়ী রয়েছি। দোকান সরিয়ে নেব। তবে বিধায়কের সঙ্গে কথা হয়েছে, তিনি পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, আপাতত আমরা সরকারি জায়গাটি দখলমুক্ত করে সেখানে পূর্তদপ্তরের বোর্ড লাগাব। তারপর কাজ শুরু করা হবে। 
সম্পর্কিত সংবাদ