Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। সংগঠনের জেলা সভাপতি তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে এদিন বিকেল প্রায় চারটে থেকে রাত পর্যন্ত ভিসিকে ঘেরাও করে রাখেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্য বিজয় দাস বলেন, অনৈতিকভাবে তপন নাগকে দীর্ঘদিন সাসপেন্ড করে রাখা হয়েছে। সোমবার আমরা উপাচার্যের কাছে একটি প্রস্তাবপত্র পাঠিয়েছিলাম রেজিস্ট্রারের মাধ্যমে। তারপরও সাসপেনশন তুলতে উপাচার্য টালবাহানা করছেন। বাধ্য হয়ে আমরা ঘেরাও করে রেখেছি তাঁকে। যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন তোলা হচ্ছে, আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার প্রস্তাবপত্র পাঠানোর পর এদিন তপন রেজিস্ট্রারকে একটি চিঠি দেন। তাতে তিনি লেখেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে এবং রাজনীতির শিকার হয়েছি। আমার সাসপেনশন তুলে নেওয়া হোক। এরপর এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে তপনের সাসপেনশন প্রসঙ্গে আলোচনা করতে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, আপাতত সাসপেনশন তুলে নেওয়া হলেও তপন নাগের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের সদস্যরা। তাঁরা নিঃশর্ত সাসপেনশন তোলার দাবি করেন। সন্ধ্যায় আন্দোলনে যোগ দেন টিএমসিপি সদস্যরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সংগঠনের সভাপতি তপনকে বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ কাজকর্মের অভিযোগে প্রায় তিন মাস ধরে সাসপেন্ড করে রেখেছে কর্তৃপক্ষ। এরপর টানা আন্দোলনে নামেন সংগঠনের সদস্যরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও কাজকর্মে সমস্যা তৈরি হয়। উপাচার্যকে ফোন ও মেসেজ করা হলে তিনি উত্তর দেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ