Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে ভবঘুরেদের ঠিকানা দেবে পুরসভা, হচ্ছে ৫০ বেডের আশ্রয়স্থল

রায়গঞ্জে ভবঘুরেদের ঠিকানা দেবে পুরসভা, হচ্ছে ৫০ বেডের আশ্রয়স্থল
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: মাথার উপর ছাদ নেই। নেই প্রিয়জন। রাস্তায় রাস্তায় ঘুরেই কেটে যায় জীবন। আবার কখনও তাঁরা এই শহর থেকে হারিয়ে যান আচমকা। তাঁদের আমরা চিনি ভবঘুরে বলে।
Advertisement
অসহায় এই মানুষদের জন্য এবার আশ্রয়স্থলের ব্যবস্থা করতে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা। পুরএলাকায় ৫০ জনের আশ্রয়স্থল গড়ে তোলা হচ্ছে ভবঘুরেদের জন্য। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আশ্রয়স্থলটি হবে রায়গঞ্জের বন্দর এলাকায় ১৭ নম্বর ওয়ার্ডে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় সমস্যায় পড়তে হয় শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভবঘুরেদের। কারও আশ্রয়ের জায়গা ফুটপাত, কেউ পড়ে থাকেন স্টেশন চত্বরে। অনেক সময় রায়গঞ্জ মেডিক্যাল চত্বরেও ভবঘুরেদের পড়ে থাকতে দেখা যায়। সঠিক চিকিৎসা কিংবা দেখাশোনার অভাবে এদের মৃত্যু পর্যন্ত হয়। আশ্রয়স্থল হলে তাদের এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছে পুরসভা।
রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ১৭ নং ওয়ার্ডে দীনদয়াল কল্যাণী সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে এই আশ্রয়স্থল গড়ে তোলার কাজ শুরু করা হবে। টেন্ডার প্রক্রিয়া হয়েছে। ইঞ্জিনিয়াররা কাজের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ৫০ বেডের এই আশ্রয়স্থল তৈরি হয়ে গেলে শহরের ভবঘুরেদের আর অসুবিধা হবে না।।
পুরসভার এই উদ্যোগী খুশি রায়গঞ্জের বাসিন্দারা। রিম্পা পাল বললেন, এই শীতে ভবঘুরেরা যেভাবে রাস্তার ধারে শুয়ে থাকেন, দেখে মন খারাপ হয়। পুরসভার এই মানবিক উদ্যোগে অসহায় মানুষরা ঠিকানা পাবেন। 
দীর্ঘদিন ধরেই ভবঘুরেদের জন্য আশ্রয়স্থলের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য বলেন, খবরটি সত্যি দারুণ। এখন থেকে ভবঘুরের একটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে। শহরজুড়ে বর্তমানে ২০ জনের মতো ভবঘুরে রয়েছেন। এমন পরিস্থিতিতে ৫০ টি বেড থাকলে কোনও সমস্যা হবে না। এছাড়া অসুস্থ হলে তাঁদের চিকিৎসা করার ক্ষেত্রে অসুবিধা হয়। আশ্রয়স্থল তৈরি হলে একটি জায়গায় রেখে নজরে রাখা যাবে। আমরা পুরসভাকে একাজে সবরকম সাহায্য করতে চাই।
সম্পর্কিত সংবাদ