সংবাদদাতা, রঘুনাথপুর: রাস্তা আটকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কে দুই যুবক ওই শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা এলাকার শিক্ষকদের তরফে থানায় প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর শহরের নন্দুয়াড়ার বাসিন্দা শেখর চক্রবর্তী নিতুড়িয়া সার্কেলের রায়বাঁধ এলাকায় শিক্ষকতার চাকরি করেন। অভিযোগ, বুধবার বিদ্যালয় ছুটির পর বাইকে বাড়ি ফিরছিলেন। ডিভিসি উড়ালপুলের বাঁদিকে রাস্তায় নামার সময় মুখে রুমাল বাঁধা দুই যুবক শেখরবাবুর রাস্তা আটকায়। তাঁকে বাইক থেকে নামিয়ে কিছু না বলেই বেধড়ক মারধর করা হয়। বুটে করে তাঁর মুখে একাধিকবার আঘাত করা হয়। তারপরেই ওই দুই যুবক কিছু না বলে বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনায় শেখরবাবু গুরুতর জখম হন। ঘটনার খবর জানতে পেরে শেখরবাবুর কয়েকজন সহকর্মী তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁর চিকিৎসা করা হয়। বিষয়টি জানাজানি হতেই অন্যান্য শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন। রাতেই কয়েকজন শিক্ষক থানায় ঘটনার তদন্ত দাবি জানান। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়।
Advertisement
শিক্ষক দেবাশিস মণ্ডল, কৌশিক সরকার, সুবল সেন বলেন, আমরা তো ঘটনার পর হতবাক হয়ে গিয়েছি। শেখরবাবুর মতো একজন নিরীহ শিক্ষককে দিনের বেলা এভাবে কেউ বিনা দোষে মারধর করেছে ভাবতেই পারছি না। কোথায় আমাদের নিরাপত্তা? প্রশাসন একেবারে নিশ্চুপ।শেখরবাবু বলেন, দুই যুবককে চিনতে পারিনি। ওরা কেন আমাকে মারধর করল বুঝতে পারছি না। পুলিসের কাছে তদন্তের দাবি জানিয়েছি।



