Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ২টি দেহ রেখে বিক্ষোভ

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ২টি দেহ রেখে বিক্ষোভ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের চাকরির ব্যবস্থা করতে হবে। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে দেহ দু’টি রেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা বিকেল ৫টা নাগাদ গেটের সামনে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভের জেরে কারখানায় কোনও গাড়ি ঢুকতে ও বেরতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে রঘুনাথপুর থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে।  রাত পর্যন্ত বিক্ষোভ চলে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পথ দুর্ঘটনায় তাপস বাউরি(২৮) ও প্রসেনজিৎ মল্লিকের(২৭) মৃত্যু হয়। তাপসের বাড়ি রঘুনাথপুর থানার পাবড়া গ্রামে। প্রসেনজিতের বাড়ি নিতুড়িয়া থানার নাড়াগোড়িয়ায়। দুই বন্ধু ওইদিন ভোরে বাইকে বাড়ি ফিরছিলেন। রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দুই যুবককে নতুনডি ওভারব্রিজের নীচের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই থানায় খবর দেন। পুলিস গুরুতর জখম দুই যুবককে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহগুলির ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেয়। পরিবারের সদস্যরা মৃতদেহগুলি গ্রামে নিয়ে আসেন। তারপরেই মৃতদের পরিবার, আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে শামিল একাংশের বক্তব্য, কারখানার গাড়িগুলি অনিয়ন্ত্রিতভাবে যাতায়াত করে। প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। ওইদিন কারখানার কোনও গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাই আমরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ