Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ওভারলোডেড ছাই পরিবহণ, দুর্ভোগ

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ওভারলোডেড ছাই পরিবহণ, দুর্ভোগ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ডাম্পার, লরিতে  ওভারলোডেড ছাই পরিবহণ করা হচ্ছে বলে অভিযোগ। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। শুধু তাই নয়, লরি, ডাম্পার থেকে ছাই উড়ে এলাকায় দূষণ ঘটাচ্ছে। রাজ্য সড়কগুলির উপর ছাইয়ের আস্তরণ পড়ছে। এলাকার মানুষ ওভারলোডেড গাড়ি ও ছাই নিয়ে অতিষ্ঠ। সমস্যার সমাধান চেয়ে এলাকার মানুষ সরব হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ ওভারলোডিংয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছে। ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছে।
Advertisement
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ওভারলোডিংয়ের অভিযোগের বিষয়টি ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ওভারলোডিংয়ের বিষয়টি জানা আছে। বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। গাড়িতে ছাই পরিবহণ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তাই আগামী দিন যাতে রেলের মাধ্যমে ছাই পরিবহণ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ের প্রচুর চাহিদা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন জাতীয় সড়ক নির্মাণের কাজে, ফ্লাইঅ্যাশ ইট তৈরি কারখানা, সিমেন্ট কারখানা ও ঝাড়খণ্ডের বন্ধ হয়ে যাওয়া কয়লাখনি ভরাটের জন্য গাড়িতে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। পুরো জলে ভিজিয়ে ছাই গাড়িতে (ডাম্পার, লরিতে) চাপানো হয়। যাতে ছাই সরাসরি উড়তে না পারে তাই গাড়ির উপর ত্রিপল ঢাকা দেওয়া হয়। অভিযোগ, ত্রিপল ঢাকা দিলেও ছাই উড়তে থাকে। আবার অনেক সময় গাড়ি থেকে ছাইয়ের জল চুঁইয়ে সড়কগুলিতে পড়ে। পরে তা শুকিয়ে বাতাসে ওড়ে। ফলে ওই সড়ক দিয়ে বাইক, সাইকেল সহ হেঁটে যাঁরা যাতায়াত করেন, তাঁরা অসুবিধায় পড়েন।
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কয়েকটি ঠিকাদার সংস্থা ছাই পরিবহণ করছে। তারাই গাড়িতে করে ছাই নিয়ে যাচ্ছে।
রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন, ওভারলোডিংয়ের বিষয়টি নিয়ে প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে। অভিযোগ পেয়ে কয়েকদিন আগে ছাই পরিবহণ করা পাঁচটি ওভারলোডেড ডাম্পার ধরা হয়েছিল। মোটা টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লাগাতার এই অভিযান চলবে।(
সম্পর্কিত সংবাদ