সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-১ নম্বর ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তা অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের তরফ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে পঞ্চায়েত, ব্লক, মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই ব্যক্তি সরকারি রাস্তার একাংশ বাঁশের বেড়া দিয়ে জবরদখল করেছে বলে অভিযোগ। তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বেড়ো গ্রাম পঞ্চায়েতের পুরাতন বেড়ো ও বাগিচা যাবার রাস্তা কাঁঠালবেড়ালি গ্রাম ঢোকার মুখে একটি রঙ্গসায়র পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় বরাবর ৩০ ফুট চওড়া একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে বেড়ো, পুরাতন বেড়ো, বাগিচা হয়ে নিতুড়িয়া ব্লকের গোবাগ যাওয়া যায়। রাস্তাটি গ্রামবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাস্তার প্রায় ১৭ চওড়া প্রায় ১০০ মিটার লম্বা এলাকা বর্তমানে সিমাই মাজি নামে এক বাসিন্দা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন বলে অভিযোগ।
Advertisement
অভিযোগকারী গ্রামবাসী রবিলাল মাণ্ডি, রামানুজ আচার্য বলেন, সিমাইবাবু গায়ের জোরে রাস্তার একাংশ ঘিরে দিয়ে জায়গা দখল করেছে। এর আগেও রাস্তাটি নিয়ে অভিযোগ হয়। বিগত পঞ্চায়েতের প্রধান এবং নির্মাণ সহায়ক ওই রাস্তাটি মাপজোক করেছিলেন।



