সংবাদদাতা, রঘুনাথপুর: অবশেষে রঘুনাথপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ভন্দুরমোড় থেকে গার্লস হাই স্কুল পর্যন্ত পাকা রাস্তাটির সংস্কার কাজ শুরু হল। বৃহস্পতিবার থেকে কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। রাস্তাটির জন্য একাধিকবার আন্দোলন ও বিক্ষোভ দেখানো হয়েছিল। অসুবিধার কথা মাথায় রেখে কয়েক মাস আগে রাস্তাটির কাজের টেন্ডার করা হয়। কিন্তু কাঁচামালের অভাবে রাস্তার কাজ করা যাচ্ছে না বলে ঠিকাদার পুরসভাকে জানিয়েছিলেন।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১ নম্বর ওয়ার্ডের সুবল রজকের বাড়ি থেকে নিকেশ ঘোষ তথা ভন্দুর মোড় পর্যন্ত রাস্তাটির সংস্কার করা হচ্ছে। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে রঘুনাথপুর ১ নম্বর ব্লক, শ্রম দপ্তরের অফিস, রঘুনাথপুর গার্লস স্কুলের ছাত্রী সহ প্রচুর মানুষ যাতায়াত করে। রাস্তাটির জন্য ২০ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাটির কিছুটা অংশ যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে থাকে তা ঢালাই করা হবে। বাকি সমস্ত জায়গাটি পিচ হবে।ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রণব দেওঘরিয়া বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ঠিকাদার কাঁচামাল নেই জানিয়ে রাস্তাটি কাজ করতে পারছিল না। তাই আমরা পুজোর আগে মানুষের চলাচলের জন্য গর্তগুলি মাটি ভরাট করে সংস্কার করেছিলাম। এবার ওয়ার্ডের মানুষ চকচকে রাস্তা পাচ্ছে।



