Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে প্রকৃত মলিকের বদলে জমির রেকর্ড অন্যের নামে, নালিশ

রঘুনাথপুরে প্রকৃত মলিকের বদলে জমির রেকর্ড অন্যের নামে, নালিশ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-২ নম্বর ব্লকের সগড়কা গ্রামের দুই জমি অন্যের নামে রেকর্ড হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জমির প্রকৃত মালিকরা বৃহস্পতিবার ব্লক ও মহকুমা প্রশাসনকে লিখিত অভিযোগ জানান। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর-২ ব্লক এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে বহু অভিযোগ রয়েছে। দুয়ারে সরকার শিবিরে একাধিক ব্যক্তি নিজেদের জমি রেকর্ডের জন্য আবেদন করলেও কাজ হয়নি। সম্প্রতি একাধিক অভিযোগকারীকে সঙ্গে নিয়ে রঘুনাথপুর-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। সে সময় পড়ে থাকা কাজগুলি দ্রুত করার দাবি জানানো হয়েছিল। তারপরেও কোন কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে।
সগড়কা গ্রামের অভিযোগকারী আনন্দ মাহাত বলেন, আমরা ৬০ বছর ধরে চাষ করছি। আমাদের নিজস্ব দলিল আছে। জমিগুলি মিউটেশনের জন্য একাধিক বার আবেদন জানানো হয়েছে। কিন্তু ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নানা অুজহাত দেখিয়ে জমিগুলি রেকর্ড করেনি। অথচ বর্তমানে কেউ অবৈধভাবে ভুয়ো দলিল তৈরি করে জমির মিউটেশনের জন্য ছ’বার আবেদন করেছে। যার মধ্যে পাঁচবার তদন্ত করা হয় এবং মিউটেশনের কেস রিজেক্ট করে দেওয়া হয়। বর্তমানে জানতে পেরেছি, মোটা টাকার বিনিময়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কোনও আধিকারিক আমাদের জমিগুলি এক ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছে। বিষয়টি নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানাতে গেলে কেউ কর্ণপাত করেনি।
 তৃণমূল জেলা সম্পাদক স্বপন মাহাথা বলেন, রঘুনাথপুর-২ ব্লকে দালাল ছাড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কোন কাজ হয় না। প্রচুর মানুষ জমির নানা সমস্যা নিয়ে আবেদন করেছে। সম্প্রতি আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। কিন্তু, তাতেও কাজ হয়নি। রঘুনাথপুর-২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক নির্মল দে কে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি কোনও মন্তব্য করতে চাননি। পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য বলেন, রঘুনাথপুর-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমরা অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।
সম্পর্কিত সংবাদ