সংবাদদাতা, রঘুনাথপুর: পার্টটাইম কাজ দেওয়ার কথা বলে রঘুনাথপুর শহরের এক যুবকের কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। বিষয়টি নিয়ে ওই যুবক বুধবার থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১ জানুয়ারি ওই যুবককে পার্ট টাইম কাজ দেওয়ার কথা বলে প্রতারকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। প্রতারকদের কথা মতো ওই যুবক একটি অ্যাপে যোগ দেন। সেখানে ওই যুবককে প্রি-পেইড টাস্ক(আগে টাকা দিয়ে কাজ করা) দেওয়া হয়। সেই কাজ সম্পন্ন করার পর প্রতারকরা যুবকের কাজের বেনিফিট হিসেবে টাকা পাঠাবে বলে জানায়। সেইমতো ওই যুবকের কাছ থেকে ব্যাঙ্কের তথ্য নেওয়া হয়। তারপর ওই যুবকের ভরসা পেতে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। পরে জানানো হয়, ওই কাজে টাকা ইনভেস্ট করলে বেশি রিটার্ন দেওয়া হবে। যুবক কোন কিছু না ভেবে প্রতারকদের পাতা ফাঁদে পা দেন। তার জন্য ওই যুবক প্রথমে ৯ হাজার টাকা দেন। তারপর ২৮ হাজার এবং পরে ৮৮ হাজার টাকা পাঠান। সেই টাকা দেওয়ার পর যুবককে রিটার্ন হিসেবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পাঠানো হবে প্রতারকদের তরফে জানানো হয়। ওই যুবক যাতে বিশ্বাস করেন তার জন্য প্রতারকরা প্রথম ধাপে পাঁচ হাজার টাকা পাঠায়। তিনি সেই টাকা তুলে নেন। কিন্তু, পুরো টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন। পুরো টাকা তোলা কেন যাচ্ছে না? যুবকটি তাদের কাছে জানতে চান। তখন প্রতারকদের তরফে জানানো হয়, অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গিয়েছে। সম্পূর্ণ টাকা তুলতে হলে আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা জমা করতে হবে। তবেই পুরো টাকাটি সুদ সহ তুলতে পারা যাবে। প্রতারকদের কথা মতো ওই যুবক সম্পূর্ণ টাকা দেন। তারপরেও তিনি টাকা তুলতে পারেননি। টাকা তুলতে না পেরে পুনরায় তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁকে জানানো হয়, টাকাটি এখন তোলা যাবে না, পরে টাকাটি তুলতে হলে অ্যাকাউন্টে আরও ৮০ হাজার টাকা পাঠাতে হবে। কথামতো ওই যুবক প্রতারকদের সমস্ত টাকা পাঠালেও কোনও টাকা ফেরত পাননি। তখনই তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন।



