সংবাদদাতা, রঘুনাথপুর: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে রঘুনাথপুর পুরসভার হাউস ফর অল প্রকল্পের উপভোক্তারা টাকা পেতে চলেছেন। সোমবার থেকেই হাউস ফর অল প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রঘুনাথপুর পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাউস ফর অল প্রকল্পের তিনটি অর্থবর্ষের জন্য মোট ২ কোটি ৯২ লক্ষ টাকা এসেছে। ওই টাকা প্রায় ৪০০জন উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর টাকা মেলায় খুশি বাসিন্দারা।
Advertisement
রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, প্রথম ও দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার প্রায় ৪০০জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এসপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এখনই সমস্ত উপভোক্তাকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তৃতীয় ও চতুর্থ দফার উপভোক্তাদের দেওয়ার জন্য এক কোটি করে দু’কোটি টাকা এসেছে। পঞ্চম দফার উপভোক্তাদের জন্য ৯২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তৃতীয় দফার যেসব পরিবার বাড়ি ভেঙে অসহায়ভাবে ত্রিপল টাঙিয়ে অথবা ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন, তাঁদের প্রত্যেককে এক লক্ষ করে টাকা দেওয়া হবে। চতুর্থ দফার যাঁরা এক কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের দ্বিতীয় কিস্তি হিসেবে ৯৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। চতুর্থ দফার যাঁরা একবারও টাকা পাননি, তাঁদের ৪৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পঞ্চম দফার সকল উপভোক্তাকে ৪৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। পুরসভার বিজেপি কাউন্সিলার দীনেশ শুক্লা বলেন, পুরসভার বহু মানুষ আবাসের জন্য বাড়ি ভেঙে বিপাকে পড়েছে। এবারও যে টাকা এসেছে তাতে মাত্র ১০ শতাংশ উপভোক্তা টাকা পাবে।



