সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রাতে রঘুনাথপুর থানার বান্দা গ্রামের কাছে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোপাল বাউরি(৫৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন গোপালবাবু চেলিয়ামা-রঘুনাথপুর রাজ্য সড়ক ধরে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় চেলিয়ামাগামী একটি বাইক তাঁকে ধাক্কা দেয়। ঘটনায় দুই বাইকের চালক গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা পুলিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে চেলিয়ামার বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোপালবাবুকে মৃত বলে ঘোষণা করেন। অপর বাইক আরোহী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



