সংবাদদাতা, রঘুনাথপুর: ডাক্তার দেখিয়ে শ্বশুরকে নিয়ে বাইক করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর থানার বেড়ো বাসস্ট্যান্ড দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুশান্ত মণ্ডল (৪২)। তাঁর বাড়ি সাঁতুড়ি থানার রামভট্টডি গ্রামে। ঘটনায় শ্বশুর আহত হয়েছে। আহতের নাম রবি মণ্ডল। তাঁর বাড়ি কাশীপুর থানার পাঁচমহলী গ্রামে। বর্তমানে তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সুশান্ত তাঁর শ্বশুরকে নিয়ে বিকালে রঘুনাথপুর শহরে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যান। ডাক্তার দেখিয়ে বাইক নিয়ে রাত্রে রঘুনাথপুর- বাঁকুড়া রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কোনও অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনায় দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করে।
Advertisement
গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে সুশান্তর বিয়ে হয়েছিল। বাড়িতে স্ত্রী তাঁর যমজ ছেলেমেয়ে নিয়ে থাকতেন। সুশান্ত বাইরে একটি দোকানে কর্মচারীর কাজ করতেন। মাঝে মাঝে বাড়ি আসতেন। প্রায় সাত মাস আগে তাদের যমজ সন্তান (ছেলে এবং মেয়ে) হয়। গত মাসে দুই সন্তানের অন্নপ্রাশন হয়েছে। রবিবাবু অসুস্থ হওয়ার জন্য মেয়ের বাড়ি এসেছিলেন। তাঁকে চিকিৎসার জন্য রঘুনাথপুরে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি সোমবার ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধান করা হচ্ছে।



