সংবাদদাতা, রঘুনাথপুর: বড়দিনের সকালেই রঘুনাথপুর থানা এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম তাপস বাউরি (২৮) ও প্রসেনজিৎ মল্লিক(২৭)। তাপসের বাড়ি রঘুনাথপুর থানার পাবড়া গ্রামে। প্রসেনজিতের বাড়ি নিতুড়িয়া থানার নাড়াগোড়িয়া গ্রামে।
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন রঘুনাথপুর থানার নতুনডি থেকে রঘুনাথপুর তাপবিদ্যুৎকেন্দ্র যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ভোরের দিকে স্থানীয়রা ওই দুই যুবককে নতুনডি ওভারব্রিজের নীচের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন। পুলিস তাদের গুরুতর জখম অবস্থায় রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অনুমান, কোনও গাড়ি ওই যুবকদের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। তাঁরা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে মদের বোতল পাওয়া গিয়েছে। সম্ভবত ওই দুই বাইক আরোহী অপ্রকৃতিস্থ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।



