Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জের স্কুলে পরিস্রুত জল সরবরাহে বিশেষ যন্ত্রের উদ্বোধন  

রঘুনাথগঞ্জের স্কুলে পরিস্রুত জল সরবরাহে বিশেষ যন্ত্রের উদ্বোধন
 
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জের কালীতলা এলকে হাইস্কুলে ছাত্রছাত্রীদের পরিস্রুত পানীয় জল সরবরাহে একটি বেসরকারি সংস্থা উদ্যোগী হয়েছে। ওই বিদ্যালয়ে সংস্থাটির বরাদ্দ টাকায় একটি উন্নত জল পরিশোধন যন্ত্রের উদ্বোধন হল। বৃহস্পতিবার সকালে ওই সংস্থার চিফ অপারেটিং ম্যানেজার তন্ময় সেন এর উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আশিসবরণ দাস ও স্কুলের প্রধান শিক্ষক আকবর শেখ উপস্থিত ছিলেন।
Advertisement
এই বিশেষ যন্ত্রটি বসাতে প্রায় ১৭লক্ষ টাকা খরচ হয়েছে। এর মাধ্যমে উন্নত প্রক্রিয়ায় জল পরিশোধন হবে। ফলে স্কুলের প্রায় পাঁচহাজার ছাত্রছাত্রী উপকৃত হবে। এলাকার বাসিন্দারাও এখান থেকে জল নিতে পারবেন।
আশিসবরণবাবু বলেন, এতদিন পড়ুয়ারা স্কুলের টিউবওয়েলের অপরিস্রুত জল পান করত। একটি সংস্থা এবার আমাদের স্কুলকে এই যন্ত্রটি দিয়েছে। ফলে ছাত্রছাত্রীদের আর পরিস্রুত জল পেতে অসুবিধা হবে না।
এই যন্ত্রের মাধ্যমে তিনটি স্টেজে জলকে পরিশোধন করা হবে। ফলে সাধারণ টিউবওয়েলের জল তো বটেই, বাজারে বিক্রি হওয়া প্যাকেজড ওয়াটার থেকেও এই জল পান করা বেশি স্বাস্থ্যসম্মত বলে ওই বেসরকারি সংস্থার দাবি। সংস্থার চিফ অপারেটিং ম্যানেজার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বহু সেবামূলক কাজ করে থাকি। জেলায় এরকম তিনটি জলকেন্দ্র গড়েছি। এতে স্কুলের ছেলেমেয়েদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর শেখ বলেন, এই যন্ত্রটি বসানোয় স্কুলের পড়ুয়ারা পরিস্রুত জল পান করতে পারবে। জল যাতে অপচয় না হয়, সেই বিষয়টি আমরা নজর রাখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ