সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সকালে রঘুনাথগঞ্জে ঘর থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিস। মৃত সৈয়দ ফরিদ আক্রারের(২১) বাড়ি রঘুনাথগঞ্জ থানার বালিঘাটায়। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই যুবক পরিবারের একমাত্র সন্তান ছিলেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ছিলেন। সম্প্রতি বাড়িতে থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। এদিন সকালে অনেক বেলা অবধি তিনি দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। তাতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ওই যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখেন। স্থানীয়রা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, অবসাদের জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে আমাদের প্রাথমিক অনুমান। মৃত যুবকের কাকা জাহির আলম বলেন, ওকে নিয়ে পরিবারের সবার অনেক স্বপ্ন ছিল। ঠিক কী ঘটেছে-বুঝতে পারছি না।
Advertisement
কলকাতায় নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে সূতির এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ইসমাইল শেখের(২৪) বাড়ি সূতি থানার জগতাই গ্রামে। দু’মাস আগেই তিনি কলকাতায় রাজমিস্ত্রির কাজে যান। শনিবার সেখানকার একটি বহুতলে কাজ করার সময় আচমকা নীচে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



