Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃত ৪

রঘুনাথগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃত ৪
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে শনিবার রাতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম আর্জেল শেখ, সাইফুল শেখ, পাতান শেখ ও সামিম শেখ। তাদের প্রত্যেকেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা এলাকায়। এক গ্রাম পঞ্চায়েত সদস্য ও একজন সদস্যার স্বামীকে মারধর ও এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিস। ঘটনার পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। এলাকার নিয়ন্ত্রণ কার দখলে থাকবে তা নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজা শেখ ও সদস্যা জলি খাতুনের স্বামী আব্দুর রহমান বাইকে শহরে যাচ্ছিলেন। রামদেবপুর পচার মোড় সংলগ্ন রাস্তায় অপর গ্রাম পঞ্চায়েত সদস্যা রাফিনা বিবির স্বামী সুকু শেখের দলবল তাঁদের বাইক আটকায়। দু’জনকেই বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রচণ্ড মারধরের ফলে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। তারপর অভিযুক্তরা পালিয়ে যায়। মারধরের খবর এলাকায় পৌঁছাতেই ফের দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, খেজুরতলা এলাকায় প্রচুর বোমা ফাটার আওয়াজ পেয়েছেন।
Advertisement
সম্প্রতি রঘুনাথগঞ্জ-২ ব্লকের পাঁচ অঞ্চল সভাপতিকে বদলে দেয় ব্লক নেতৃত্ব। সেকেন্দ্রা অঞ্চল সভাপতি মোতাহার হোসেনকেও বদলের দাবি তুলেছিল সমর্থকদের একাংশ। শেষ পর্যন্ত বদল না হওয়ায় সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারাই এই এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অঞ্চল সভাপতির দাবি। তবে ফের ক্ষমতা পেয়ে মোতাহার হোসেন এলাকায় শক্তি প্রদর্শন করতেই এই আক্রমণ বলে দাবি অপর পক্ষের।
সম্পর্কিত সংবাদ