Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে টাকা ফেরত চাওয়ায় মার, অভিযুক্ত তৃণমূল কর্মী

রঘুনাথগঞ্জে টাকা ফেরত চাওয়ায় মার, অভিযুক্ত তৃণমূল কর্মী
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি। টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারধর করেছে তৃণমূল কর্মী। শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে এমনই অভিযোগে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কালু শেখ নামে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ করা হবে। কালু শেখের অভিযোগ, ওই তৃণমূল কর্মী তাঁকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন। তিনি সেজন্য ওই তৃণমূল কর্মীকে ২০০০টাকা দেন। আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, তাতে তাঁর নাম নেই। শনিবার সন্ধ্যায় তিনি ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বচসা বাধে। অভিযোগ, তাঁকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁর কান দিয়ে রক্তপাতও হয়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। কালু শেখের ভাই মজিবুর রহমান বলেন, সমীক্ষার সময় বলেছিল টাকা দিলে বাড়ি পাইয়ে দেবে। বাড়ি না পাওয়ায় টাকা চাইতে গেলে মারধর করে। সিপিএমের মিঠিপুর এরিয়া কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীরা ঘর পাইয়ে দেওয়ার নামে এলাকায় প্রচুর টাকা তোলে। সাধারণ মানুষ বাড়ি না পেলে প্রশ্ন তো তুলবেই। মারধর করে টাকা তোলার কথা চাপা দেওয়া যাবে না। অভিযুক্তকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। রঘুনাথগঞ্জ-২ ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ বলেন, এবিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযুক্ত ব্যক্তি দলীয় কোনও পদে নেই। দলের নাম করে কেউ টাকা নিয়ে থাকলে তদন্ত করে পদক্ষেপ করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ