Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে পার্টি অফিস সহ দেড় শতক জমি স্কুলকে দান মন্ত্রীর

রঘুনাথগঞ্জে পার্টি অফিস সহ দেড় শতক জমি স্কুলকে দান মন্ত্রীর
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: প্রায় এক দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সহ প্রায় দেড় শতক জমি সরকারি স্কুলকে দান করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। শনিবার বিকেলে শেখালিপুরে রঘুনাথগঞ্জ পর্ব চক্রের অবর স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাসকে এই জমি স্কুলের কাজে ব্যবহারের জন্য তুলে দেন মন্ত্রী। জমিটি স্কুলকে দান করায় উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকা সহ পড়ুয়াদের অভিভাবকরাও। এখন থেকে স্কুলের ছাত্রছাত্রীরা স্বচ্ছন্দে খেলাধুলো করতে পারবে। মন্ত্রীর এ হেন উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।
Advertisement
মন্ত্রী বলেন, পার্টি অফিসটিকে পাকা করার উদ্যোগ গ্রহণ করলে নজরে আসে পাশেই প্রাথমিক স্কুল রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, বিদ্যালয়ের পর্যাপ্ত শ্রেণির কক্ষ থাকলেও ছাত্রছাত্রীদের খেলাধুলোর পর্যাপ্ত জায়গা নেই। ফলে জমিটি স্কুলকে দান করার কথা ভাবি। পার্টি অফিস আগে ছেলেমেয়েদের স্বার্থই বড় বলে মনে করি। এই জমিতে বাগান ও ছাত্রছাত্রীদের খেলাধুলোর জন্য যা কিছু প্রয়োজন, তা করে দেওয়া হবে।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের ৬৭ পুঁঠিয়া প্রাথমিক স্কুলের খেলার মাঠ না থাকায় প্রায় দেড় শতক জমি দান করা হয়। জমিটিতে প্রায় ১৩ বছর ধরে শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল। বছর খানেক পার্টি অফিসটিকে পাকা হিসেবে তৈরির প্রক্রিয়া শুরু করে তৃণমূল নেতৃত্ব। স্কুলের পক্ষ সেখানে পার্টি অফিস না করে জমিটি স্কুলকে দান করার জন্য আবেদন করে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি মন্ত্রীর নজরে এলে তিনি সেই জমি দান করেন। অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, মন্ত্রী স্কুলকে জমি দান করেছেন। জমিটি যাতে স্কুলের তত্ত্বাবধানে আসে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের জন্য বলব। রঘুনাথগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ বলেন, বৃহত্তর স্বার্থে জমিটি স্কুলকে দান করা হয়েছে। এতে আমাদের এলাকার ছেলেমেয়েদেরই সুবিধা হবে।
সম্পর্কিত সংবাদ