Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে কর্মশালা

রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে কর্মশালা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শিশুদের মোবাইলের আসক্তি দূর করে বইমুখী করতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিশেষ কর্মশালা করল রঘুনাথগঞ্জ পূর্ব চক্র। বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের নতুন জয়রামপুর প্রাথমিক স্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস, রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন সহ কর্মশালার প্রশিক্ষকগণ। ছাত্রছাত্রীদের পঠন-পাঠন, লিখন ও কল্পনাশক্তির বিকাশ ঘটাতেই এই কর্মসূচির আয়োজন বলে শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে। তিনদিন চলবে এই কর্মশালা। পাশাপাশি পড়ুয়াদের মোবাইল, গেম ও টিভির প্রতি আসক্তি দূর করতে একাধিক কর্মসূচি রাখা হয়েছে। দক্ষতা বৃদ্ধিতে যে স্কুল সেরা হবে তাদের পুরস্কৃত করবে চক্রের শিক্ষাদপ্তর।
Advertisement
এপ্রসঙ্গে স্কুল পরিদর্শক বলেন, শ্রেণিকক্ষে কিছু ছেলেমেয়ে পিছিয়ে পড়ে। পঠন-পাঠন, লেখালেখিতেও দুর্বল হয়। এই কর্মশালায় সেই সমস্ত পড়ুয়াদের কীভাবে প্রথম সারিতে তুলে আনা হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। চক্রের ১০০টি স্কুলের ১৫০জন শিক্ষক-শিক্ষিকাকে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত স্বাচ্ছন্দে পড়তে ও লিখতে পারার দক্ষতা বৃদ্ধিতে অধিক জোর দেওয়া হচ্ছে। যাতে ক্লাসের সব শিশুই পড়তে ও লিখতে পারে। ক্লাসে ছাত্রছাত্রীদের কতটা উন্নতি হল তা একপক্ষ কাল অন্তর চক্রের বিশেষ প্রতিনিধি দল পরিদর্শন করবে। পঠন-পাঠনের মান খতিয়ে দেখে সেই স্কুলকে নম্বর দেবে প্রতিনিধি দলটি। স্কুলের একশো শতাংশ পড়তে ও লিখতে পারা স্কুলকে পুরস্কৃত করা হবে। এই কর্মশালায় মূলত বাংলা ও ইংরেজি বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। তারসঙ্গে বইমুখী করতে আনুষঙ্গিক বিষয়গুলি আলোচনা করা হবে। বাকি দু’টি দিনে চক্রের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
চক্রের গিরিয়ার-১ নম্বর ভৈরবটোলা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ও কর্মশালার প্রশিক্ষক অনন্যা ঘোষ বলেন, পঠন-পাঠনের পাশাপাশি শিশুর যে বিষয়ে আগ্রহ বা দক্ষতা রয়েছে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, চক্রের স্কুল পরিদর্শক ও শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নতুন কিছু দিতে সবসময় তৎপর। এলাকার শিক্ষা বিষয়ে যতটা সম্ভব আমি পাশে থাকব।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ