সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার সকালে রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরার সময় এক মৎস্যজীবী জলে তলিয়ে গেলেন। পুলিস জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম পাণ্ডব হালদার(৩২)। বাড়ি মিঠিপুর ষষ্ঠীতলা গ্রামে। এদিন সকাল ৮টা নাগাদ আচমকাই ডিঙি উল্টে গিয়ে নদীর জলে তলিয়ে যান। এদিনই দুপুরে গিরিয়ার পদ্মা নদীতে স্নান করতে নেমে এক নাবালক তলিয়ে যায়। স্থানীয় লোকজন পুলিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ পুলিস। স্থানীয় ডুবুরি নামিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালায় পুলিস। যদিও সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। জঙ্গিপুর ফাঁড়ির পুলিস জানিয়েছে, অভিজ্ঞ ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। রবিবার ফের নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হবে। এদিক সকালে ওই মৎস্যজীবী বাড়ি থেকে কিছুটা দূরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। ডিঙি নিয়ে তিনি খেজুরতলা ঘাটে মাছ ধরছিলেন। নদীর মাঝ বরাবর এলাকায় ডিঙি নিয়ে মাছ ধরার সময় আচমকাই ডিঙি উল্টে তিনি জলে পড়ে যান। জলের তোড়ে ভেসে যায়। বিষয়টি অন্য মৎস্যজীবীদের নজরে এলে সাহায্যের জন্য এগিয়ে যান। কিন্তু তার আগেই আচমকা জলে তলিয়ে যান। নিখোঁজ যুবকের ভাই খোকন হালদার বলেন, পদ্মায় মাছ ধরতে গিয়েছিল। ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এদিনই দুপুরে রঘুনাথগঞ্জের গিরিয়ার পদ্মা নদীতে স্নান করতে নেমে এক নাবালক তলিয়ে যায়। তার নাম রোহিত শেখ(১২)। বাড়ি রঘুনাথগঞ্জের গিরিয়া পঞ্চায়েতের পাতলাটোলা গ্রামে। দুই বন্ধু নদীতে স্নান করতে নামার পর রোহিত আচমকা তলিয়ে যায়। তার সঙ্গী পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস।



