Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে মুরগি চুরির অভিযোগে যুবককে পিলারে বেঁধে গণধোলাই

রঘুনাথগঞ্জে মুরগি চুরির অভিযোগে যুবককে পিলারে বেঁধে গণধোলাই
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রাতে একটি খামার থেকে মুরগি চুরির অভিযোগে এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ছেলেটিকে দড়ি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিস গিয়ে ওই যুবককে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই যুবক আগেও এলাকার একাধিক বাড়ি থেকে জিনিসপত্র চুরি করেছে। পুলিস জানিয়েছে, ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
Advertisement
সোমবার গভীর রাতে রঘুনাথগঞ্জের ইছাখালিতে একটি পোল্ট্রি ফার্ম থেকে মুরগি চুরি যায়। রাতে ঘুম ভেঙে গেলে ফার্মের মালিক মুরগি চুরির বিষয়টি বুঝতে পারেন। মালিকের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে যায়। তার পিছু ধাওয়া করেও নাগাল পায়নি। সেদিন ফার্ম থেকে ১০-১২টি মুরগি চুরি গিয়েছিল। অভিযোগ, সকালে এই যুবকের বাড়ির আশপাশে তিনটি মুরগি ঘুরে বেড়াতে দেখেন ফার্মের মালিক। এরপর ওই যুবককে এলাকায় দেখতে পেয়ে ধরা হয়। তাকে একটি পিলারে বেঁধে রাখা হয়। প্রচুর লোকজন জড়ো হয়। অভিযোগ, ওই যুবককে এলোপাথাড়ি কিল, ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করা হয়। মেরে তার কপাল ফাটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। তেঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ওই যুবকের প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, রবিবার একটি বাড়ি থেকে দু’টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে। রাতবিরেতে লক্ষীজোলার একাধিক বাড়ি থেকে এটা-ওটা চুরি যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে ওই যুবক জড়িত।
ওই মুরগি খামারের মালিক ইসমাইল শেখ বলেন, প্রতিদিনই কোনও না কোনও এলাকায় চুরি হচ্ছে। রাতে ওকে ধরতে পারিনি। সকালে দেখতে পেয়ে গ্রামবাসীরা বেঁধে রাখেন। লক্ষীজোলা পঞ্চায়েতের সদস্য মজিবুর রহমান বলেন, অভিযুক্তের নামে আগেই একাধিকবার চুরি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
সম্পর্কিত সংবাদ