সংবাদদাতা, লালবাগ: পুলিসি অভিযানে পর্দাফাঁস হল জাল লটারি চক্রের। রবিবার বিকেলে প্রায় দু’লক্ষ জাল লটারি টিকিট সহ পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম তারিখ শেখ, মেজারুল শেখ ও মুরসেলিম শেখ। তিনজনেই রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
Advertisement
পুলিস জানিয়েছে, খবর পাওয়া যায় রঘুনাথগঞ্জ থানা এলাকার কয়েকজন যুবক জাল লটারির কারবার চালাচ্ছে। সেইমতো বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। রবিবার বিকেলে রঘুনাথগঞ্জ থানার পুলিস রসুলপুর ব্যারেজ এলাকায় অভিযান চালায়। তিনজনকে জাল লটারি টিকিট সহ গ্রেপ্তার করে। ধৃতরা আসানসোল থেকে জাল লটারি টিকিট নিয়ে আসছিল। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জাল লটারি কারবারের সঙ্গে যুক্ত। আসানসোল থেকে জাল লটারি টিকিট নিয়ে এসে রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। এদিন ওই তিনজন সেই উদ্দেশ্যে জাল টিকিট নিয়ে আসছিল। হাত বদলের আগেই তিনজনকে পাকড়াও করা হয়। এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।



