সংবাদদাতা, জঙ্গিপুর: পুরনো একটি দেওয়াল ভেঙে পড়লে তার নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় রঘুনাথগঞ্জের প্রসাদপুরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃতের নাম, জয় দাস (৪)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিস। এদিন দেওয়ালটির পাশেই খেলা করছিল শিশুটি। পুরনো এই দেওয়ালটি সামান্য হেলে ছিল। সকালে আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন চাপা পড়া শিশুটিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, শিশুরা খেলা করছিল, ওই সময় দেওয়ালটি ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে প্রসাদপুরে বাড়ির পাশেই রাস্তার ধারে তিনটি শিশু খেলা করছিল। পাশেই পরিত্যক্ত একটি বাড়ির একটি পুরনো ইটের দেওয়াল ছিল। দেওয়ালটি বহু পুরনো হওয়ায় দুর্বল অবস্থায় দাঁড়িয়ে ছিল। এদিন সকালে সাড়ে ন’টা নাগাদ আচমকাই দেওয়ালটি ভেঙে পড়ে। অন্য দুই শিশু পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় দশ ফুট লম্বা ও ছয় ফুট উচ্চ দেওয়ালটি ওই শিশুর উপর ভেঙে পড়ে। দেওয়ালের পাশে বসে শিশুটি খেলা করছিল।
জঙ্গিপুর মহকুমা মর্গের সামনে দাঁড়িয়ে মৃত শিশুর কাকা কিষ্ট দাস বলেন, বাচ্চারা খেলছিল, দু’টি শিশু পালাতে পারলেও ভাইপো তা পারেনি। খুব বেদনাদায়ক ঘটনা।
জঙ্গিপুর মহকুমা মর্গের সামনে দাঁড়িয়ে মৃত শিশুর কাকা কিষ্ট দাস বলেন, বাচ্চারা খেলছিল, দু’টি শিশু পালাতে পারলেও ভাইপো তা পারেনি। খুব বেদনাদায়ক ঘটনা।



