সংবাদদাতা, বহরমপুর: চোখের সামনে একতলার ছাদ থেকে নীচে পড়ল শিশু। ঝাঁপিয়ে পা ধরেও তাকে বাঁচাতে পারলেন না মা। শনিবার বিকেল ৫টা নাগাদ রঘুনাথগঞ্জ থানার হাটপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার ভোরে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তার নাম রোহান শেখ(১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে সদ্য নির্মিত ছাদে কাপড় তুলতে যান তার মা। মায়ের অলক্ষ্যে রোহানও ছাদে উঠে যায়। মা ছাদে ছেলের উপস্থিতি টের পাননি। ছেলে ছাদের কিনারায় যাওয়ার পরই মায়ের নজরে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ছেলেকে ধরার চেষ্টা করেও মা ব্যর্থ হন। মায়ের হাত পিছলেই ছাদ থেকে নীচে পড়ে যায় রোহান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। চিকিৎসক সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই তার মৃত্যু হয়। মৃতের দাদু মহম্মদ সফিকুল ইসলাম বলেন, রোহান তার মায়ের পিছন পিছন ছাদে উঠেছিল। ঝাঁপিয়ে ওর পা ধরেও আটকাতে পারেনি।



