Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ

রঘুনাথগঞ্জে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,জঙ্গিপুর: মঙ্গলবার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সরকার নির্ধারিত ফি-র চেয়ে ১০০টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কর্ণপাত করেনি বলে অভিযোগ। এদিন শতাধিক অভিভাবক স্কুল চত্বরে এসে ভিড় জমান। স্কুলের গেটে তাঁরা বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষককেও ঘিরে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। পরে স্কুলের প্রধান শিক্ষককে গণ ডেপুটেশন দেওয়া হয়। স্কুলের উন্নতিতে সামান্য কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে বলে স্বীকার করেন প্রধান শিক্ষক। সহকারী স্কুল পরিদর্শক(মাধ্যমিক) সন্দীপ কোঁড়া বলেন, সরকারি নির্ধারিত ২৪০টাকার বেশি নেওয়া যাবে না। এবিষয়ে স্কুলে খোঁজ নেব। সরকারি নির্দেশ অমান্য করা যাবে না।
Advertisement
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুল দিনতিনেক আগেই ছাত্রছাত্রীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞাপ্তিতে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ৩৫০টাকা ফি জমা করার কথা উল্লেখ করা হয়। যদিও সরকারি নির্দেশে ভর্তির জন্য ২৪০টাকা বলা হয়েছে। এদিন স্কুলে নতুন ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে এলে তাদের ৩৫০টাকা জমা করতে বলা হয়। অভিভাবকরা কিছু কম টাকা নিতে বললে স্কুল কর্তৃপক্ষ তাতে সম্মত হয়নি। নোটিসে উল্লিখিত ৩৫০টাকা দিতে হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। তারপরই অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। ঘিরে রাখা হয় প্রধান শিক্ষককে। নির্ধারিত ফি-র চেয়ে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে তা জানতে চান তাঁরা। অভিভাবক মোতাহার শেখ বলেন, স্কুলে অব্যবস্থা চলছে। ১১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। আর এক অভিভাবক বসির শেখ বলেন, সরকার নির্ধারিত ২৪০ টাকার বেশি কেন নেওয়া হচ্ছে তা জানতে চাই। আর এক অভিভাবক বলেন, গতবারও বেশি টাকা নেওয়া হয়েছিল। পড়ুয়াদের পরিচয়পত্র দেওয়া হবে বলে বলা হয়েছিল। কিন্তু তা দেওয়া হয়নি। স্কুলের প্রধান শিক্ষক বলেন, গতবছরও ৩৫০টাকা ফি নেওয়া হয়েছে। এবারও তা নেওয়া হচ্ছে। স্কুলের উন্নতির জন্য বাড়তি কিছু নেওয়া হয়। টাকা কম নেওয়ার বিষয়টি আলোচনা করে ছাত্রছাত্রীদের জানানো হবে। 
সম্পর্কিত সংবাদ