নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার পরেই বাড়িতে ‘হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগ নিলেন সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী। বাড়ি থেকেই বাঁকুড়া জেলার বাসিন্দাদের হাসপাতালে ভর্তি সহ ওই সংক্রান্ত নানা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন বলে অরূপবাবু জানিয়েছেন। জেলার পাশাপাশি বাঁকুড়ার থেকে স্থানান্তর হওয়া বা জটিল রোগে আক্রান্ত জঙ্গলমহলের বাসিন্দাদের কলকাতার কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে সমস্যার সুরাহাও করা হবে বলে সাংসদ জানান।
Advertisement
অরূপবাবু বলেন, আমাদের জেলায় অনেক গরিব মানুষ বাস করেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ তাঁদের নেই। আবার সরকারি হাসপাতালে বেড পাওয়া বা চিকিৎসার সুযোগ পাওয়া নিয়েও অনেক হ্যাপা তাঁদের পোহাতে হয়। জেলা থেকে কোনও কারণে কলকাতায় রোগী রেফার হলে পরিজনরা অথৈ জলে পড়ে যান। রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার আগে থেকেই আমি এ ব্যাপারে বাঁকুড়ার বাসিন্দাদের নানাভাবে সাহায্য করেছি। সাংসদ হওয়ার পর গত চারমাসে আমার লোকসভা কেন্দ্রের ১৬ জনকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বাবদ পাইয়ে দিয়েছি। তাঁরা চিকিৎসা করিয়ে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার আমাকে মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য করে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা আমি যথাযথভাবে পালন করব। বাড়িতেই আমার সাংসদ কার্যালয় রয়েছে। সেখানে সকলের অবারিত দ্বার। ওই অফিসে একটি ‘হেল্প ডেস্ক’ চালু করব। সেখানে আমার প্রতিনিধিরা থাকবেন। ওই ডেস্কে গিয়ে সাধারণ মানুষ সাহায্য চাইতে পারবেন। আমি সকলের সাংসদ। ফলে আমাকে যাঁরা ভোট দেননি, তাঁরাও নির্দ্বিধায় আসতে পারেন। তাছাড়া হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে আমাকে বা আমার আপ্ত সহায়ককে ফোন করা যাবে। সাংসদ কার্যালয় থেকে যোগাযোগের নম্বর পাওয়া যাবে। তাছাড়া প্রতিটি বিধানসভা বা ব্লক এলাকায় আমাদের দলের লোকজন সারাবছর মানুষের পাশে থাকেন। তাঁদের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। জঙ্গলমহলের বাসিন্দাদের সুষ্ঠু পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।



