নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে জনপ্রতিনিধি ঠিক করে দিল স্বাস্থ্যদপ্তর। দায়িত্ব দেওয়া হল কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিককে। সোমবার স্বাস্থ্যদপ্তর থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। আগের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার পর নতুন ধাঁচে কমিটি গঠন করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে কলেজের প্রিন্সিপালকে। আর জি কর কাণ্ডের পর সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সরিয়ে প্রিন্সিপালদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। এদিন নতুন করে সমিতির জনপ্রতিনিধি নিয়োগ করা হল। অভিজিৎ দে ভৌমিক বলেন, এটা খুবই ভালো ও আনন্দের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি হিসেবে আমাকে কাজ করার জন্য যোগ্য বলে মনে করেছেন। মেডিক্যাল কলেজের জন্য যাতে পর্যাপ্ত সময় দেওয়া যায়, সেই চেষ্টা করব। দায়িত্ব অনেক বেড়ে গেল। মুখ্যমন্ত্রী যেভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সেই বিষয়গুলির উপর নজর রাখতে হবে। সকলের নিরাপত্তা ও সর্বোপরি পরিষেবা প্রদানই মূল লক্ষ্য থাকবে। কর্তৃপক্ষ যেদিন ডাকবে ও যেভাবে নির্দেশিকা আসবে, সেই অনুসারে মেডিক্যাল কলেজে যাব। প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, এদিন স্বাস্থ্যদপ্তর থেকে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে জনপ্রতিনিধি ঠিক করে দেওয়া হয়েছে। এখানে অভিজিৎ দে ভৌমিককে নিয়োগ করা হয়েছে।



