নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নানা আইনি গেরো কাটিয়ে বছরখানেক পর শুরু হতে চলেছে আর জি করে আর্থিক দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। আগামী ২২ জুলাই শুরু হবে বিচার। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝা ওই নির্দেশ দিয়েছেন। ওই দিনেই শুরু হবে এই মামলার সাক্ষ্যদান পর্ব। পাঁচ অভিযুক্তকে প্রেসিডেন্সি জেল থেকে সেদিন আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিচার প্রক্রিয়া শুরুর দিন ধার্য করার আগে বিচারক এদিন পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় ওঠা সমস্ত অভিযোগের তথ্য তুলে ধরেন। অভিযুক্ত পাঁচজন হলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন সাম্মানিক চিকিৎসক আশিস পান্ডে, নিরাপত্তারক্ষী আফসার আলি, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা। বিচারক তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক চার্জ গঠনের নির্দেশ দেন। অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ দুর্নীতি নিরোধক আইনের বিভিন্ন ধারায় এই চার্জ গঠিত হয়েছে। বিচারক বিভিন্ন অভিযুক্তদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধারায় চার্জ গঠন করেছেন। ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিচারক অভিযুক্তদের জিজ্ঞাসা করেন, ‘এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। আপনারা দোষী না নির্দোষ?’ উত্তরে পাঁচ অভিযুক্তই হাত তুলে জানান, তাঁরা নির্দোষ। সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত ও আনন্দ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘মূল মামলার বিচার শুরু হলে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরব।’



