নিজস্ব প্রতিনিধি, তমলুক: জেল খাটানোর শাস্তি! মেয়ের প্রাক্তন প্রেমিকের সশস্ত্র হামলায় হাতের পাঞ্জা খোয়ালেন এক প্রাথমিক শিক্ষক। সোমবার সকালে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার দক্ষিণ কুলবেড়িয়া গ্রাম। গোকুলচন্দ্র মুড়া নামে ওই শিক্ষকের নাবালিকা মেয়ের সঙ্গে প্রেম ছিল পড়শি যুবক নন্দ মুড়ার। মেয়েটিকে ফুঁসলিয়ে এলাকাও ছেড়েছিল সে। পরে শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিস নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায়। নন্দকেও গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকমাস জেল খেটে সে বাড়ি ফিরে আসে। সম্প্রতি, হোম থেকে মেয়েকেও বাড়িতে এনেছিলেন গোকুলচন্দ্রবাবু। রেখেছিলেন গোপন আস্তানায়। কিন্তু যুবকটি ফের ছলে-বলে কৌশলে তার সঙ্গে যোগাযোগ করে বলে স্থানীয় সূত্রের খবর। তা নিয়ে অতিষ্ঠ ছিলেন শিক্ষক। তিনি আবারও থানায় যেতে পারেন, এই খবর পেয়েই প্রেমিকার বাবাকে চরম শিক্ষা দিতে এদিন ধারালো হাঁসুয়া নিয়ে হামলা চালায় নন্দ। ডানহাতের পাঞ্জাটি কেটে পড়ে রাস্তায়। সেটিকে প্লাস্টিকে ভরে জখম শিক্ষককে প্রথমে ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনার পর এলাকাছাড়া নন্দ। ভগবানপুর থানার ওসি শাহেনশা হক বলেন, অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে।



