Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১৯ বছর বাদে কলকাতায় ফেরা, আজ রবীন্দ্রসদনে তসলিমার অনুষ্ঠান

অনুরাগীরা হিসেব কষছেন, ঠিক কত বছর বাদে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন? হিসেব জানাল, সময় ব্যবধান ১৮ বছর পেরিয়ে ১৯ ছুঁয়েছে।

১৯ বছর বাদে কলকাতায় ফেরা, আজ রবীন্দ্রসদনে তসলিমার অনুষ্ঠান
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লি ও কলকাতা: অনুরাগীরা হিসেব কষছেন, ঠিক কত বছর বাদে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন? হিসেব জানাল, সময় ব্যবধান ১৮ বছর পেরিয়ে ১৯ ছুঁয়েছে। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামলেন চোখে রোদ চশমা, পরনে লাল পাড়-সাদা শাড়ি-কপালে লাল টিপ। হাত নাড়লেন, নমস্কার জানালেন। বললেন, ‘খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।’ আজ, শনিবার বিকেলে রবীন্দ্রসদনে তাঁকে নিয়ে অনুষ্ঠান। 

Advertisement

তসলিমার ফেরা নিয়ে আগের বছর রাজ্যসভায় বক্তব্য রেখেছিলেন সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি এদিন দিল্লিতে বলেন, ‘সাহিত্যিক তসলিমা নাসরিন মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’ আর প্রশ্ন তোলেন, ‘অভিনেত্রী জয়া এহসান যদি কলকাতায় থাকতে পারেন তাহলে লেখিকা তসলিমা নাসরিন কেন পারবেন না?’ তারপর রাজ্যসভায় নিজের বক্তব্যের প্রসঙ্গ তুলে জানান, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপই করতে চায়নি। 
প্রসঙ্গত, ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস ঘিরে উত্তাল হয়েছিল কলকাতার একটি এলাকা। অবস্থা সামাল দিতে সেনা মোতায়েন হয়েছিল। তত্কালীন বাম সরকার উপন্যাসটি নিষিদ্ধ করেছিল। 
তিনটি সংগঠন তসলিমাকে নিয়ে কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করেছে। রবীন্দ্রসদনে তসলিমার কবিতা নিয়ে গীতিআলেক্ষ্য উপস্থাপিত হবে আজ, শনিবার। এখন তিনি থাকছেন আলিপুরের একটি পাঁচতারা হোটেলে। শুক্রবার সেখানে রিহার্সাল করেন বলে জানান উদ্যোক্তারা। তার আগে সকালে সামাজিক মাধ্যমে তসলিমা লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ 
রবীন্দ্রসদনের অনুষ্ঠানটি আমন্ত্রণমূলক। অন্যতম উদ্যোক্তা শান্তনু সিংহ বলেছেন, ‘রবীন্দ্রসদনে কমবেশি ১ হাজার ১০০ আসন। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। প্রায় ১০ হাজার মানুষ অনুষ্ঠানে আসবেন বলে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু আমাদের আসন সংখ্যা সীমিত।’ রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।
শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায়। তসলিমা সেখানে স্মৃতিচারণ করে বলেন, ‘সেই সময়টা খুব কষ্টের ছিল। আজকের সময়টা আনন্দের। এই আনন্দ পেতে ১৯ বছর লাগল।’ প্রিয় শহরে ফেরার ঘটনাকে তিনি ‘কলকাতায় বাক স্বাধীনতার জয়’ বলে উদ্ধৃত করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ