Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিল আপডেটের নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের আড়াই লক্ষ টাকা গায়েব

বিদ্যুতের বিল জমা করলেও হেড অফিসে তা জমা হয়নি। বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয়ে বিল আপডেট করার নামে ইন্দাসের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠায় সাইবার প্রতারকরা।

বিল আপডেটের নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের আড়াই লক্ষ টাকা গায়েব
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিদ্যুতের বিল জমা করলেও হেড অফিসে তা জমা হয়নি। বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয়ে বিল আপডেট করার নামে ইন্দাসের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠায় সাইবার প্রতারকরা। ওই লিঙ্ক খুলে তথ্য দিতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা গায়েব হয়ে যায়। কয়েকদিন আগে বিদ্যুতের বিল আপডেট করার নাম করে ইন্দাসের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল। এবার একইভাবে অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তিনি ইন্দাস থানা এবং সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দাসের সোমসার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের কাছে চলতি বছরের ৩০ জুলাই অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয় দিয়ে ফোনে বলা হয়, বাড়ির বিদ্যুতের শেষ যে বিলটি জমা করা হয়েছিল। তা দপ্তরের হেড অফিসে জমা হয়নি। এমনকি, ওই সংক্রান্ত একটি মেসেজও দেওয়া হয়। বাড়িতে বসে মোবাইলেই তা আপডেট করা যাবে বলে জানানো হয়। বিদ্যুৎ অফিসে যাওয়ার ঝক্কি এড়াতে তিনি মোবাইলেই আপডেট করতে রাজি হয়ে যান। এরপর তাঁকে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্ক খুলতেই মোবাইলটি হ্যাক হয়ে যায়। মোবাইলের অপারেটিং সিস্টেম তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর তিনি মোবাইলটি স্থানীয় দোকানে গিয়ে চালু করালেও ফোনে থাকা সমস্ত নম্বর মুছে যায়। পরে তিনি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন চারবারে মোট ২লক্ষ ৪৭হাজার ৪৬২টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতিবার আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। তারপরেই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওইদিনই প্রথমে সাইবার ক্রাইমে ফোন করে অভিযোগ জানান। তাঁদের পরামর্শ মতো ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেন। কয়েকদিন আগে ইন্দাসের রোল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর ক্ষেত্রেও প্রতারকরা একইভাবে লিঙ্ক পাঠিয়ে বিদ্যুতের বিল আপডেট করার কথা বলে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় চারলক্ষ টাকা তুলে নেওয়া হয়। 
প্রতারিত ওই অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, পাত্রসায়ের বিদ্যুৎ দপ্তর থেকে ফোন করেছে বলায় সাত পাঁচ ভাবিনি। ওদের কথা বিশ্বাস করে মোবাইলে পাঠানো লিঙ্কে গিয়ে বিদ্যুতের বিল আপডেট করার চেষ্টা করি। কিন্তু ওরা যে আমার সঙ্গে প্রতারণা করবে, তা বুঝতে পারিনি। নিজের ভুলের কারণে এতবড়ো ক্ষতি হয়ে গেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ