আওয়াধ ১৫৯০ রেস্তরাঁয় ডায়াবেটিক বিরিয়ানি
আওয়াধ ১৫৯০ রেস্তরাঁয় ডায়াবেটিক বিরিয়ানি
বিরিয়ানি তাও আবার ডায়াবেটিক! এমনও হয় নাকি? আওয়াধ ১৫৯০ রেস্তরাঁয় এখন তেমনই বিরিয়ানি পাবেন। এই বিষয়ে রেস্তরাঁর দুই কর্ণধার শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরী বলেন, ‘কলকাতা ক্রমশই স্বাস্থ্যসচেতন এক শহর হয়ে উঠছে। লোকে এখানে মেপে খান। একইসঙ্গে এই শহরে ভোজনরসিকদের সংখ্যাও নেহাত কম নয়। আগে তো বলাই হতো খাওয়াদাওয়া আর আড্ডার সুযোগ বাঙালি হাতছাড়া করে না সহজে। আর সেই খাওয়াদাওয়ার তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিরিয়ানির নাম। অথচ স্বাস্থ্যসচেতনার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই বিরিয়ানি খাচ্ছেন মেপেজুপে। এইসব দেখেই আমরা এমন এক বিরিয়ানি রেস্তরাঁয় নিয়ে এলাম যা ডায়াবেটিক লোকেরাও নির্ভয়ে খেতে পারে।’ এই বিরিয়ানির রেসিপি বিষয়ে ডায়াটিশিয়ান নিধি প্রধানের পরামর্শ নিয়েই রেস্তারাঁর শেফ তা তৈরি করেছেন। আওয়াধি মশলার ব্যবহার যেমন রাখা হয়েছে তেমনই স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয়েছে। আপাতত ডায়াবেটিক মুর্গ বিরিয়ানি ও ডায়াবেটিক সব্জি বিরিয়ানি এই দু’টি ধরন পাওয়া যাচ্ছে। যথাক্রমে ৩৫০ টাকা ও ২৭৫ টাকায় পাবেন এই বিরিয়ানিগুলো।
সাত বছরে সেভেন্থ হেভেন
সাত বছর পূর্ণ করল সেভেনথ হেভেন রেস্তরাঁ। এই প্রসঙ্গে কর্ণধার ঋসভ সাধুখাঁ বললেন, প্রতি বছরই জন্মদিন আসে নিজের নিয়মে। আমরা অভিজ্ঞতায় সমৃদ্ধ হই। জন্মদিন শুধুই একটা উদ্যাপনের সময় নয়। রেস্তরাঁর ক্ষেত্রে এটি বিশেষ একটা দিন। অতিথিদের পছন্দ জানা, তাঁদের সঙ্গে মেলামেশার সুযোগ বাড়ানো, খাবারের ধরনে নতুনত্ব ও বৈচিত্র্য আনা সবই হয় এই বিশেষ দিনটিকে ঘিরে। জন্মদিন উদ্যাপনে একটি সাততলা (টিয়ার) কেক তৈরি করা হয়েছিল। এই কেক রেস্তরাঁর বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। এছাড়াও কিছু গিফট কুপনের ব্যবস্থা করা হয় রেস্তরাঁর পক্ষ থেকে। নানা ধরনের ডেজার্টের উপর কিছু ছাড় ও অফার দেওয়া হয়েছে এই কুপনে। খাবারে নতুনত্ব আনা ও স্বাদকে আরও সমৃদ্ধ করার কথাও ভাবা হচ্ছে বলে জানালেন কর্ণধার।
চাওম্যানে ওরিয়েন্টাল ফুড ফেস্ট
প্রতি বছরের মতোই ওরিয়েন্টাল ফুড ফেস্টিভ্যাল নিয়ে হাজির চাওম্যান রেস্তরাঁ। এই মেনু পাবেন শুধুই ডিনারে। রয়েছে কুড়ি ধরনের পদ। তার মধ্যে শ্রিম্প, প্রন, লবস্টার যেমন পাবেন, তেমনই পাবেন অয়েস্টার, স্কুইডও। রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ বলেন, ওরিয়েন্টাল কুইজিন এক সাম্রাজ্য। সেখানে উপকরণ নানাবিধ। তা দিয়ে অনেক স্বাদের রেসিপি তৈরি করা যায়। প্রতি বছরই এই ফেস্টের মেনুতে নতুনত্ব রাখার চেষ্টা করা হয়। অ্যাপেটাইজারের মধ্যে পাবেন সাংহাই সিফুড স্যুপ, শ্রিম্প ও পর্ক ডাম্পলিং উইথ চিলি অয়েল, ক্রিস্পি সিফুড রোল ইন স্রিরাচা স্যস, হানি ওয়ালনাট শ্রিম্প, স্টিমড ভেটকি উইথ জিঞ্জার অ্যান্ড স্ক্যালিয়ন, কলকাতা স্টাইল চিলি অক্টোপাস, লবস্টার ইন পেপার গার্লিক স্যস, ক্রিস্পি স্কুইড উইথ বার্ডস আই চিলি, স্মোকি বাটার গার্লিক ক্র্যাব ক্ল্যস ইত্যাদি। মেন কোর্সে পাবেন সিফুড নুডলস, শ্রিম্প চাহান রাইস, সিঙ্গাপুরিয়ান চিলি ক্র্যাব, স্টার ফ্রায়েড অক্টোপাস ইন টোবাঞ্জন স্যস, কুং পাও লবস্টার সহ নানা পদ।
আইটিসি রয়্যাল বেঙ্গলে ইতালিয়ান ফুড ফেস্ট
স্বাদ বৈচিত্র্যে অনন্য ইতালিয়ান খাবার। এখানে গার্লিক, অলিভ, অলিভ অয়েল, চিলি ও নানা ধরনের ডিপ ও স্যস আলাদাভাবে আমাদের স্বাদকোরককে সমৃদ্ধ করে। সেই স্বাদে সম্পন্ন এক মেনু নিয়ে হাজির আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের ওতিমো রেস্তরাঁ। মেনুর শুরুতেই রয়েছে ব্রুশেতা। ব্রুশেতার নিজস্ব ফ্লেভারের মধ্যে পাবেন সানড্রায়েড টম্যাটো, আরুগুলা, বাদাম ইত্যাদি। এরপর রয়েছে পলপেতে আল সুগো। এটি চিকেন মিটবল দিয়ে তৈরি একটি পদ। তার সঙ্গে মিশেছ টম্যাটো বেসিল স্যস।
পিৎজা যদি ভালোবাসেন তাহলে রোমান স্টাইল চোরিজো পিৎজা, তাগলিওলিনি আলা কাসিও পিৎজা, ফেতুসিনি আলা গ্রাসিয়া পিৎজা ট্রাই করতে পারেন। যাঁরা নিরামিষ ভালোবাসেন তাঁদের জন্য রয়েছে ব্রকোলি স্টেক উইথ ক্রিমি পোলেন্তা। শেষপাতে পাবেন চকোলেট ক্যানোলি। লাঞ্চ ও ডিনারে এই মেনু রয়েছে।