সংবাদদাতা, দুর্গাপুর: একদিকে রেলগেট বন্ধের প্রস্তুতি তো অন্যদিকে তা রুখতে রাস্তায় নেমে পড়েছেন কয়েক’শো বাসিন্দা। বিকল্প রাস্তার ব্যবস্থা না করেই ডালুরবাঁধ সাইডিংয়ের রেলগেট বন্ধের সিদ্ধান্ত ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় এলাকা। রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা গেট বন্ধের প্রক্রিয়া শুরু করতে পৌঁছাতেই জাতীয় পতাকা হাতে প্রতিবাদে শামিল হন স্থানীয়রা। দলমত নির্বিশেষে তাঁদের একটাই দাবি, বিকল্প যাতায়াতের ব্যবস্থা না করে কোনোভাবেই এই রেলগেট বন্ধ করা যাবে না। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাণ্ডবেশ্বর-ডালুরবাঁধ সাইডিংয়ের ১/১৮ ও ১/১৯ কিলোমিটারের মধ্যবর্তী প্রহরীবিহীন লেভেল ক্রসিংটি ২৮ নভেম্বর থেকে সাধারণের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে যানবাহনকে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রোড ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে। শনিবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে রেলকর্মীরা পৌঁছাতেই সেখানে শুরু হয় বিক্ষোভ।
বাসিন্দারা জানান, রেলগেট বন্ধ হলে এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হবে। একদিকে থানা, বিডিও অফিস, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল ও বিভিন্ন প্রশাসনিক দপ্তর। অন্যদিকে, বাজার, ডাকঘর ও কলেজ। ফলে প্রতিদিনের যাতায়াতে বাড়বে দুর্ভোগ। বিশেষত পড়ুয়া, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা মহিলাদের পক্ষে ঘুরপথে যাতায়াত করা যথেষ্ট কষ্টকর হবে।
স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী অমিত কুমার পান্ডের অভিযোগ, বিকল্প রাস্তা তৈরি না করেই মানুষের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করতে চাইছে রেল। প্রায় দেড় কিলোমিটার ঘুরে ওভারব্রিজ ব্যবহার করা সবার পক্ষে সম্ভব নয়। গত বছর ২৫ আগস্টও একইভাবে গেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আন্দোলনের চাপে বিকল্প রাস্তার আশ্বাস মিললেও আজও তা বাস্তবায়িত হয়নি। আর এক বাসিন্দা খিলালুন হকের প্রশ্ন, প্রায় ৫০ বছরের পুরানো এই রেলগেট বন্ধের প্রয়োজন কোথায়? এটি কোনো মূল রেলপথ নয়। দিনে মাত্র দু’টি কয়লাবাহী ট্রেন চলাচল করে। অথচ সংলগ্ন এলাকায় রয়েছে থানা, বিডিও অফিস, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ দপ্তর ও গ্যাসের এজেন্সি। জরুরি পরিস্থিতিতে প্রশাসন বা অ্যাম্বুল্যান্সকে ঘুরপথে যেতে হলে বিপাকে পড়বেন মানুষ।



