Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়া রেলফটক ঘিরতে এলে বিক্ষোভ বাসিন্দাদের

কেশিয়া রেলফটক ঘিরতে এলে বিক্ষোভ বাসিন্দাদের
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের কেশিয়া রেলফটক এলাকায় রেললাইন পার হয়েই বছরের পর বছর স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। সোমবার সেই রাস্তা বন্ধ করে রেলফটক ঘিরে দেওয়া নিয়ে ফের তুমুল উত্তেজনা ছড়াল। রেললাইনের উপরেই স্থানীয় বাসিন্দারা আন্দোলন শুরু করেন। আন্দোলনের জেরে খুঁটি পোঁতা বন্ধ করে ফিরে আসেন রেল কর্মীরা।

Advertisement

কাটোয়া আরপিএফের ইনসপেক্টর আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, রেল লাইন ঘিরে দেওয়ার পরিকল্পনা অনেক দিনের। দুর্ঘটনা এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেল লাইন ঘিরে দিতে হবে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের রাস্তা তাতে নাকি বন্ধ হয়ে যাবে। আমরা বলেছি দু’পক্ষকে নিয়েই বৈঠকে বসা হবে। 
কাটোয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেশিয়া এলাকায় রেলফটকের সমস্যা দীর্ঘদিনের। কাটোয়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আজিমগঞ্জ-কাটোয়া শাখার মধ্যেই কেশিয়া পাড়াকে দু’ভাগে ভাগ করেছে রেল লাইন৷ কেশিয়া মাঠপাড়া, কুলডাঙার বাসিন্দাদের রেললাইন পার হয়েই কেশিয়া হয়ে কাটোয়া শহরের বাজারে প্রবেশ করতে হয় বাসিন্দাদের। সারাদিনে কয়েক হাজার মানুষ ওই রেললাইন পেরিয়েই ঝুঁকি নিয়েই যাতায়াত করেন। ছোট ছেলেমেয়েদের রেললাইন পেরিয়েই স্কুলে যেতে হয়। এমনকী মুমূর্ষু রোগীদেরও ওই ফটকের রেললাইন পার হয়েই যাতায়াত করতে হয়। 
এদিন সকালে রেল ওই ফটকের দু’দিকে লোহার পিলার বসিয়ে যাতায়াতের রাস্তা ঘিরতে যায়। তাতে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। এর আগে ওই জায়গায় দু’ফুট ছাড় দিয়ে পিলার বসিয়েছিল রেল। এদিন স্থানীয় বাসিন্দারা কাতারে কাতারে রেললাইনের উপরে এসে বিক্ষোভ দেখান। পরে তৃণমূলের নেতারাও স্থানীয় বাসিন্দাদের হয়ে আন্দোলন শুরু করেন। কাটোয়ার তৃণমূল নেতা  বিশ্বনাথ সাহা সহ অন্যান্য নেতারাও আন্দোলনে যোগ দেন। পরে আরপিএফের বিশাল বাহিনী চলে আসে। শুরু হয় আরপিএফের সঙ্গে তুমুল বচসা। পরে শাসকদলের আন্দোলনের চাপে পিছু হটে রেল। ঠিক হয় স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসে সমাধান সূত্র বের করা হবে৷ 
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই রেল এখানে আন্ডারপাস বা ওভারব্রিজ করে দিক। আমাদের রাস্তা বন্ধ করা যাবে না। বিশ্বনাথবাবু বলেন, আমরাও চাইছি, যাতায়াতের জন্য আন্ডারপাস করে দিক। তা নাহলে ওই এলাকায় একটা বড় অংশের যাতায়াত বন্ধ হয়ে যাবে। রেলকে বলেছি বৈঠকে আমাদের ডাকতে। কাটোয়া স্টেশনের ম্যানেজার অমিত কুমার বলেন, আরপিএফের কাছে জানব কি পরিস্থিতি হয়ে রয়েছে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ