নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেউচা পাচামিতে খনন শুরু হয়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে চলছে এলাকার উন্নয়ন। জমিদাতারা সরকার নির্ধারিত পুনর্বাসন প্যাকেজও পেতে শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় দেড় হাজার জমিদাতা চাকরিতে যোগ দিয়েছেন। আগামীতেও আরও অনেকেই জেলা পুলিস ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে কাজে যোগ দিতে চলেছেন। প্রশাসনিক মহলে তার তোড়জোড় চলছে। যদিও এরই মাঝে একদল বহিরাগত দেউচা পাচামির মানুষকে কয়লা প্রকল্প ইস্যুতে ভুল বোঝাতে শুরু করেছে বলে অভিযোগ উঠছে। এনিয়ে জেলা পুলিস ও প্রশাসনের কর্তারাও সতর্ক। এবার সাধারণ মানুষ সেই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। দেউচা পাচামিকে কেন্দ্র করে কোনও মিথ্যা প্রচার হতে দেবেন না জানিয়ে স্থানীয়রা একজোট হয়ে শুক্রবার দুপুরে জেলাশাসক বিধান রায়ের দ্বারস্থ হলেন। তাঁরা স্পষ্ট করলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মিথ্যাচারের প্রতিবাদে তাঁরা একজোট হয়ে লড়াই করবেন। এনিয়ে দীর্ঘ সময় তাঁরা জেলাশাসকের সঙ্গে আলোচনাও করেন। সেইসঙ্গে তাঁদের একাধিক দাবিও জেলাশাসকের কাছে তুলে ধরেন। স্থানীয়দের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে জেলাশাসক তা পূরণের আশ্বাস দিয়েছেন। পরে জেলাশাসক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রকল্প এলাকায় মিথ্যা প্রচার চলছে। তবে সাধারণ মানুষ এসব নিয়ে অবগত। তাঁরা এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। পুলিস ও প্রশাসনও এই মিথ্যাচার নিয়ে সতর্ক। এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্টও পাঠানো হয়েছে।



