সংবাদদাতা, বসিরহাট: বর্ষায় জমা জলে নাকাল বসিরহাটের চাঁপাপুকুরের দাসপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে এলাকাটি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দ্রুত এখানে সুষ্ঠু নিকাশির ব্যবস্থা না করা হলে সামনে বিধানসভা ভোট তাঁরা বয়কট করবেন। তাঁদের অভিযোগ, বারবার এনিয়ে প্রশাসনকে বলা হয়েছে। কিন্তু জল নিকাশির কোনও ব্যবস্থা হয়নি। অল্প বৃষ্টিতেই এই এলাকা প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ে। সন্ধ্যার পর ঘর থেকে আর বেরনো যায় না। এবছর এমনকী ঘরের ভিতরেও জল ঢুকে গিয়েছে। এর ফলে বিষাক্ত সাপ, পোকামাকড় ঘরের ভিতরে ঢুকে যেতে পারে বলে আশঙ্কায় বাড়ির সদস্যরা। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্করা বাধ্য হয়ে কলার ভেলা করে যাতায়াত করছে।



